আঠারো মাসেও গণরুমে জাবি ছাত্রীরা

০৯ জুলাই ২০১৯, ১২:২৭ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের দ্বিতীয় বর্ষের (৪৭ ব্যাচ) শিক্ষার্থীরা আঠারো মাস ধরে গণরুমে থাকলেও তাদের জন্য এখনো রুম বরাদ্দ করা হয়নি বলে জানিয়েছে ভুক্তভোগী ছাত্রীরা। আজ মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ তথ্য জানান হলটির ৪৭ ব্যাচের আবাসিক ছাত্রীরা।

মানববন্ধনে আইন ও বিচার বিভাগ ৪৭ ব্যাচের শিক্ষার্থী আফসিন সুলতানা এ্যামি বলেন, ‘আমাদেরকে বার বার মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে, ঈদের পর সিট দেওয়া হবে, ছুটির পরে কয়েকজন করে সিট দেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত কোন উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের একজনও সিট পায়নি। আমরা প্রভোস্ট ও ভিসি বরাবর আবেদন দিয়েছিলাম কিন্তু কোন জবাব পাইনি। যে কারণে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। আর যতক্ষণ পর্যন্ত প্রভোস্ট এসে লিখিত না দেবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না’।

নৃবিজ্ঞান বিভাগ ৪৭ ব্যাচের খাদিজাতুল কোবরা সেপু বলেন, ‘আমরা আমাদের হলে একটি সিট চাই। আমরা প্রায় ১৮ মাস ধরে হলের গণরুমে আছি। যেখানে আমাদের অন্যান্য হলের বন্ধু-বান্ধব প্রায় সকলেই সিট পেয়ে গেছে। একটা ছোট গণরুমে ১১৪ জন একসাথে থাকা আর সম্ভব হচ্ছে না’।

আইন ও বিচার বিভাগ ৪৭ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল নাইম আনিকা বলেন, ‘হলে সিট সংকটের জন্য পুরোপুরি প্রশাসন দায়ী। কারণ তারা দেখে নাই আদৌ এই হলে সিট খালি আছে কি না। তারা না দেখেই কেন হলে এলট দিলো? শেখ হাসিনা হলে ৪৮ ব্যাচের শিক্ষার্থীরা রুম পাওয়া শুরু করেছে। বেগম খালেদা জিয়া হলে উঠার ৬ মাসের মধ্যে ৪৮ ব্যাচ রুম পেয়ে গেছে। তাহলে কেন আমাদের এই দিন দেখতে হচ্ছে। আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে এবং রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছি’।

এদিকে, মানববন্ধনে শিক্ষার্থীরা হল প্রভোস্টের সাথে কথা বলতে চাইলে প্রভোস্ট অধ্যাপক মোহা. মুজিবুর রহমান দেড়ঘন্টা পরে এসে সকলকে নিয়ে হলের মধ্যে আলোচনা করতে চাইলে বঙ্গমাতা শিক্ষার্থীরা তা প্রত্যাখান করে। হলে সিট বরাদ্দের ব্যাপারে লিখিত আশ্বাসের জোর দাবি জানায় তারা।
এসময় ছাত্রীরা তাঁর কাছে ৬২৮ সিটের বিপরীতে ৯৯০ জনের এলট কেন জানতে চাইলে তিনি বলেন,‘ হল এলটের সময় আমি দায়িত্বে ছিলাম না, তবে এটা আবাসন সমস্যার কারনেই দেওয়া হয়েছে। তোমাদের সিটের ব্যাপারে আমরা খুব দ্রুতই ব্যবস্থ নিব। পরবর্তীতে ছাত্রীদের অব্যাহত দাবির মুখে হল প্রভোস্ট এক মাসের মধ্যে আবাসন সমস্যার সমাধান করবেন বলে লিখিত দিতে বাধ্য হন।

উল্লেখ্য, গত নভেম্বর মাসেও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের দুজন শিক্ষার্থী আন্দোলন করলে কর্তৃপক্ষ মার্চ মাসের মধ্যে এর সমাধান করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজকে ফোন দেয়া হলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান। মানববন্ধনে প্রায় ৭০ জন ছাত্রী অংশ নিয়েছেন।

পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানে যুক্ত হবে জিয়ার স্বাধীনতার ঘোষণা, সংসদে থাকছে উচ্চ…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি নিহত, নিখোঁজ ২
  • ০৬ এপ্রিল ২০২৬
অদ্ভুত স্কিনকেয়ারে আগ্রহ তরুণ প্রজন্মের, নিরাপদ নাকি ক্ষতি?
  • ০৬ এপ্রিল ২০২৬