নওগাঁ বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত
নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম বছর থেকেই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে। পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
জানা যায়, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান কেবল শ্রেণিকক্ষের পাঠদান, আধুনিক অবকাঠামো কিংবা শিক্ষার্থীদের ফলাফলের ওপর নির্ভর করে না। বরং পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা শিক্ষার মান নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত এ পদ্ধতিতে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর কিংবা ব্যক্তিগত পরিচয়ের পরিবর্তে উত্তরপত্রে ব্যবহার করা হবে একটি নির্দিষ্ট গোপন কোড। ওই কোডের মাধ্যমে পরীক্ষকের কাছে উত্তরপত্র পাঠানো হবে। ফলে খাতা মূল্যায়নের সময় পরীক্ষক পরীক্ষার্থীর ব্যক্তিগত পরিচয় জানতে পারবেন না।
এতে স্বজনপ্রীতি, পরিচিতির প্রভাব কিংবা ব্যক্তিগত অনুরাগ-বিরাগের ভিত্তিতে নম্বর দেওয়ার সুযোগ থাকবে না। মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষার্থীর মেধা, যোগ্যতা এবং উত্তরপত্রে দেওয়া উত্তরের মানই প্রাধান্য পাবে।
বিশ্ববিদ্যালয়টির বয়স এক বছর হলেও প্রতিষ্ঠার শুরু থেকেই একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও নৈতিক প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নের প্রত্যয়েরই বহিঃপ্রকাশ।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসনাত আলী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান নয়; বরং মেধা, যোগ্যতা, ন্যায়বিচার ও নৈতিকতার মূল্যায়নকারী প্রতিষ্ঠান। পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালুর উদ্যোগের মাধ্যমে নওগাঁ বিশ্ববিদ্যালয় সেই বিশ্বাসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।