কুমিল্লা বিশ্ববিদ্যালয়
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা। © টিডিসি ছবি
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মসূচিতে বক্তারা দেশ ও ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা হলে সম্মিলিতভাবে তা প্রতিরোধের ঘোষণা দেন।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
কর্মসূচিতে কর্মচারীদের পক্ষে বক্তব্য দেন হাবিবুর রহমান। তিনি বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাঁরা এখানে দাঁড়িয়েছেন। গার্মেন্টস কারখানা পোড়ানো কিংবা বাস-ট্রাকে আগুন দেওয়ার মতো ঘটনা তাঁরা দেখতে চান না। তাঁরা দেশ ও ক্যাম্পাসে স্থিতিশীলতা এবং অর্থনীতির স্বাভাবিক গতি বজায় রাখার পক্ষে।
১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে কেউ নাশকতার চেষ্টা করলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন বলেন, বৈশ্বিক পরিস্থিতির তুলনায় বাংলাদেশ অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। যারা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ কর্মসূচি। গার্মেন্টস কারখানায় আগুন কিংবা যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা তাঁরা চান না। বরং দেশ ও ক্যাম্পাসে স্থিতিশীলতা এবং অর্থনীতির স্বাভাবিক অগ্রগতি বজায় রাখতে চান। ভবিষ্যতে সন্ত্রাস, নৈরাজ্য বা নাশকতার চেষ্টা হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে।
শিক্ষক সমিতির আহ্বায়ক শামীমা নাসরিন বলেন, শিক্ষকেরা স্বাধীনভাবে বাঁচতে চান। দেশের বর্তমান পরিস্থিতিতে অন্যায় ও অরাজকতার বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাতে হবে। সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বাভাবিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ছাত্র পরামর্শক ও শিক্ষক সমিতির সদস্যসচিব অধ্যাপক মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনব্যবস্থার পর ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে। তাঁর অভিযোগ, ওই সময় পতিত স্বৈরাচারী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে তাদের সহযোগীদের দিয়ে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। চলন্ত ও দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়া, ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং পেট্রলবোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবেন এবং তা প্রতিহত করবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা এবং আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করছেন তাঁরা। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর দেশে যে স্থিতিশীলতা ফিরে এসেছে, ২০২৪ সালে পরাজিত ও বিতাড়িত একটি গোষ্ঠী তা নস্যাৎ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যেকোনো অন্যায়, অনিয়ম ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।