শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ৮৩ প্রার্থী © টিডিসি ফটো
২০২৫ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ৮৩ প্রার্থীর একজন মোহাম্মদ ফয়জুল আলম। ন্যায্য অধিকার ফিরে পেতে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। তার অভিযোগ, কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা মামলা না থাকা সত্ত্বেও অসত্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নিয়োগ আটকে রাখা হয়েছে।
দ্রুত পুনরায় যাচাই-বাছাই করে নিয়োগপত্র দেওয়ার দাবিতে রোববার (১৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন নিয়োগবঞ্চিতরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শাহবাগ পর্যন্ত পদযাত্রা করেন প্রার্থীরা।
তাদের দাবি, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই ৮৩ জনের নিয়োগ আটকে রাখা হয়েছে। দীর্ঘদিন অপেক্ষা করেও কার্যকর কোনো সমাধান না পাওয়ায় তারা আবারও আন্দোলনে নেমেছেন। দাবি মানা না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
নিয়োগবঞ্চিত মোহাম্মদ ফয়জুল আলম বলেন, ‘আমার বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। আমি ২০২৫ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত একজন প্রার্থী। আমার জেলায় মোট ২৫৬ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থীর মধ্যে প্রথম দফায় ৮৪ জনের নিয়োগ আটকে দেওয়া হয়। পরবর্তী সময়ে গত ২৭ তারিখে দ্বিতীয় দফায় ৮০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে আমার জেলায় আমরা চারজন নিয়োগবঞ্চিত রয়েছি।’
তিনি বলেন, ‘আমাদের নিয়োগ আটকে দেওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। আমরা কেউ রাজনীতির সঙ্গে জড়িত নই এবং আমাদের কারও বিরুদ্ধে কোনো মামলা নেই। বিশেষ করে আমার নিজের নামেও কোনো মামলা নেই। পরবর্তী সময়ে জানতে পারি, এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীরা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাকে (এনএসআই) আমার বিষয়ে অসত্য তথ্য দিয়েছেন।’
তিনি বলেন, ‘সেই তথ্যের ভিত্তিতে আমার নামে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে প্রতিবেদন দেওয়া হয়েছে। অথচ আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। আমরা চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছি। শিক্ষামন্ত্রী বারবার আশ্বস্ত করেছেন, ১৪ হাজার ৩৮৪ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থীর কাউকেই বঞ্চিত করা হবে না।’
‘তিনি আরও বলেছিলেন, ১ তারিখের পর যারা নিয়োগবঞ্চিত থাকবেন, তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আমরা গত দেড় মাস ধরে অপেক্ষা করেও কোনো সিদ্ধান্ত পাইনি। এ অবস্থায় বাধ্য হয়েই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছি’, যোগ করেন তিনি।
মোহাম্মদ ফয়জুল আলম আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হবে না। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের কোনো রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতা নেই। এনএসআইয়ের প্রতিবেদনে আমাদের বিরুদ্ধে কী তথ্য দেওয়া হয়েছে এবং কী কারণে নিয়োগ আটকে রাখা হয়েছে, তা লিখিতভাবে জানাতে হবে। অন্যথায় দ্রুত আমাদের নিয়োগপত্র প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘সংবিধানের ২৭ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সব নাগরিকের সমতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। একইভাবে ২৯ অনুচ্ছেদে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতার কথা বলা হয়েছে। আমরা এ দেশের নাগরিক হিসেবে আমাদের সাংবিধানিক ও ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। যদি আমাদের কোনো অপরাধ থেকে থাকে, তাহলে রাষ্ট্র আমাদের বিচার করুক। কিন্তু কোনো অসত্য তথ্যের ভিত্তিতে কিংবা ভেরিফিকেশনের নামে আমাদের চাকরি থেকে বঞ্চিত করা হবে, এটি স্বাধীন বাংলাদেশে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।’
তিনি আরও বলেন, ‘আমরা যারা এখন এখানে অবস্থান করছি, তারা জীবন-মরণের পরোয়া না করেই এসেছি। কারণ, আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। এ জন্য প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত রয়েছি।’
কর্মসূচিতে অংশ নেওয়া নিয়োগবঞ্চিত সানজিদা বলেন, ‘আমি জামালপুর জেলা থেকে এসেছি। নিজ উপজেলায় মেধাতালিকায় নবম স্থান অর্জন করার পরও এখন পর্যন্ত নিয়োগবঞ্চিত রয়েছি। নিয়োগবঞ্চিত হওয়ার পর আমরা অধিদপ্তরের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করেছিলাম। সে সময় আমাদের পুনরায় যাচাই-বাছাই করার আশ্বাস দেওয়া হলে আমরা সেই আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি প্রত্যাহার করে চলে যাই।’
তিনি আরও বলেন, ‘সেদিনের পর থেকে এখন পর্যন্ত পুনরায় যাচাই-বাছাইয়ের বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। আমাদের শুধু আশ্বাসই দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ কারণে আমরা আবারও অবস্থান কর্মসূচিতে আসতে বাধ্য হয়েছি। প্রশাসন ও অধিদপ্তরের কাছে আমাদের একটাই দাবি, দ্রুত পুনরায় যাচাই-বাছাইয়ের জটিলতা নিরসন করে আমাদের নিয়োগ নিশ্চিত করা হোক। আমরা আর আশ্বাস নয়, দ্রুত কার্যকর সিদ্ধান্ত চাই।’
আরও খবর: ১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীরা শাহবাগে, তিন দাবি
প্রার্থীদের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত নিয়োগবঞ্চিতরা আমরণ অনশন কর্মসূচি পালন করেন। অনশন কর্মসূচির চতুর্থ দিনে অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম তাদের পুনরায় ভেরিফিকেশনের জন্য আবেদন করার পরামর্শ দেন। এ ছাড়া পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান এনএসআইয়ের প্রার্থীদের প্রবেশপত্র জমা নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বিষয়টি নিয়ে সভা করার কথা জানিয়েছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও এ বিষয়ে কোনো কার্যকর সিদ্ধান্ত আসেনি বলে দাবি করেন তারা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যে অনেক প্রার্থী সহকারী শিক্ষক হিসেবে প্রশিক্ষণে অংশ নিয়েছেন এবং তাদের অনেকের বেতন-ভাতাও চালু হয়েছে। অথচ একই নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও ৮৩ জন প্রার্থী এখনো নিয়োগবঞ্চিত রয়েছেন। এতে তারা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
নিয়োগবঞ্চিতদের পূর্বঘোষিত কর্মসূচির অনুযায়ী কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শাহবাগ পর্যন্ত পদযাত্রা, বেলা ২টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি।সরকারের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়া না হলে, কাফনের কাপড় জড়িয়ে অবস্থান, নিয়োগপত্রের দাবিতে আমরণ অনশন হুশিয়ারীও দেন তারা।
এছাড়াও, দ্রুত ফের যাচাই-বাছাই সম্পন্ন করে সব নিয়োগবঞ্চিত প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারির দাবি জানিয়েছেন তারা। অন্যথায় ন্যায্য অধিকার আদায়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন।