একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় © সংগৃহীত
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০০টিতেই শূন্য রয়েছে প্রধান শিক্ষকের পদ। এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্বে থাকা সহকারী শিক্ষকেরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। নিয়মিত প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, পাঠদান ও শিক্ষার্থীদের তদারকিতে চাপ বাড়ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, উপজেলার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নিয়মিত প্রধান শিক্ষক রয়েছেন মাত্র ৫৬টিতে। বাকি ১০০টি বিদ্যালয়ের মধ্যে ২৪টিতে চলতি দায়িত্বে এবং ৭৬টিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকরা। শুধু প্রধান শিক্ষক নয়, সহকারী শিক্ষক ও কর্মচারী সংকটও প্রকট। উপজেলায় সহকারী শিক্ষকের ৮৫৪টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৭২৮ জন। শূন্য রয়েছে ১২৬টি পদ। তবে সম্প্রতি নতুন নিয়োগ পাওয়া ৩৭ জন সহকারী শিক্ষক শূন্য পদে যোগদান করেছেন বলে জানা গেছে।
এদিকে উপজেলার ১৫৬টি বিদ্যালয়ের বিপরীতে নৈশপ্রহরী কাম দপ্তরি পদে কর্মরত রয়েছেন মাত্র ৬১ জন। শূন্য রয়েছে ৯৫টি পদ।
দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এসব পদ শূন্য থাকায় বিদ্যালয় পরিচালনায় বাড়তি চাপ সামলাতে হচ্ছে শিক্ষকদের। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি পাঠদান অব্যাহত রাখতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
শিক্ষক সংকটের চিত্র তুলে ধরে চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহিদ তালুকদার বলেন, ‘আমাদের বিদ্যালয়টিতে ছয়জন শিক্ষকের বিপরীতে কর্মরত আছেন চারজন। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় চরম বিঘ্ন ঘটছে। শিক্ষক স্বল্পতার কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ধরে রাখাই এখন কঠিন হয়ে পড়েছে।’
পদোন্নতি না হওয়ায় শিক্ষকদের মধ্যে হতাশা বাড়ছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা সমিতির বোরহানউদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ২০০৯ সালের পর থেকে প্রাথমিকে সহকারী শিক্ষকদের পদোন্নতি বন্ধ রয়েছে। পদোন্নতিবঞ্চিত হয়ে অনেক সহকারী শিক্ষক একই পদ থেকে অবসরে যাচ্ছেন। উপজেলার প্রায় ১০০টি প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় একধরনের স্থবিরতা বিরাজ করছে।
তিনি দ্রুত পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেদী মাসুদ বলেন, ‘আইনি জটিলতার কারণে এতদিন নিয়োগ কার্যক্রম বন্ধ ছিল। তবে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার; জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে খুব শিগগিরই প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণ হবে বলে আমরা আশাবাদী।’