© টিডিসি ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্যের রুটিন কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা ও উপজেলা প্রশাসন এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম শহরস্থ একটি রেস্তোরায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় চবি উপাচার্য উপস্থিত সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দেশের স্বনামধন্য উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের গৌরব ও অহংকারের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান সূচনালগ্ন থেকে দেশে মেধাবী ও দক্ষ মানবসম্পদ উৎপাদনে নিরবচ্ছিন্নভাবে ভূমিকা রেখে চলেছে। চবির এই গৌরব ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখা আমাদের সকলের দায়িত্ব।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সম্মিলিত প্রচেষ্টায় বর্তমানে বিরাজমান শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ চলমান রাখতে সকলের আন্তরিক সহযোগিতা অপরিহার্য। এসময় তিনি নিজের উপর অর্পিত দায়িত্ব সকলকে সাথে নিয়ে যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে পরিচালনা করতে পারেন এ জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপাচার্যকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয় পরিচালনায় তাঁদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে. এম. নুর আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রণব মিত্র চৌধুরী ও সহকারী প্রক্টরবৃন্দ, পুলিশ সুপার (ট্রাফিক উত্তর) সিএমপি নাজমুল হাসান, এসপি (রেলওয়ে পুলিশ) শেখ শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. জাহাংগীর, এএসপি র্যাব-৭ কাজী মো. তারেক আজিজ, সহকারী কমিশনার মুশফিকুন নুর, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর।
এছাড়া সভায় বায়োজিদ বোস্তামী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার, চকবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রিয়াজ উদ্দিন চৌধুরী, কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান, পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক শাহাদাত হোসাইন, খুলশী থানার এসআই মো. নুরুদ্দীন, এনএসআই কর্মকর্তা নুর হোসাইন, ডিজিএফআই কর্মকর্তা রেজোয়ান ইসলাম ও মো. মোস্তাফিজুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকতার্বৃন্দ উপস্থিত ছিলেন।