কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গে সৃজনশীল প্রশ্নে চিন্তা

১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ PM
ইউজিসিতে মতবিনিময় সভা

ইউজিসিতে মতবিনিময় সভা © সংগৃহীত

প্রথমবর্ষে ভর্তির সব আসন পূরণ এবং নির্ধারিত সময়ে শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করার লক্ষ্য সামনে রেখে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পদ্ধতি সংস্কারের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে ভর্তি পরীক্ষার মানোন্নয়ন ও ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাবও দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষার প্রশ্নের মান উন্নয়ন, শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই, সব আসনে শিক্ষার্থী ভর্তি এবং নির্ধারিত সময়ে একাডেমিক কার্যক্রম শুরু ও শেষ করার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ দিতে এ কমিটি গঠনের প্রস্তাব করেন তিনি। এ জন্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সুপারিশ দিতে বলেছেন ইউজিসি চেয়ারম্যান।

আজ রবিবার (১৫ নভেম্বর) ইউজিসিতে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রস্তাব দেন তিনি।

সভায় জানানো হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সভায় উপাচার্যরা জানান, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রতিবছর প্রায় এক লাখ শিক্ষার্থী অংশ নেন। তবে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি এবং বিষয় পরিবর্তন বা মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় চার মাস সময় লাগে। এতে বিশেষ করে নতুন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন পূরণে জটিলতা তৈরি হয় এবং একাডেমিক কার্যক্রম শুরু করতে বিলম্ব হয়।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ভর্তি প্রক্রিয়ার কারণে কোনো আসন খালি রাখা যাবে না। নির্ধারিত সময়ে একাডেমিক কার্যক্রম শুরু ও শেষ করতে হবে। ভর্তি পরীক্ষার প্রশ্নের মান এমন হতে হবে, যাতে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান, প্রকৃত মেধা ও বিশ্লেষণী দক্ষতা যাচাই করা যায়। এ জন্য আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সভায় ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নের পাশাপাশি সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত করা, শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা যাচাই এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর গুরুত্ব নির্ধারণের বিষয়েও আলোচনা হয়।

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম আধুনিকায়ন ও সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন উপাচার্যরা। কৃষিসংশ্লিষ্ট বিষয়গুলোর পাঠ্যক্রম প্রণয়ন ও হালনাগাদে অভিন্ন নির্দেশিকা তৈরি এবং কৃষি ডিগ্রির মধ্যে সামঞ্জস্য আনার প্রস্তাব দেন তারা। শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি বাড়াতে পাঠ্যক্রমে ক্যারিয়ার উন্নয়ন, গবেষণাপদ্ধতি ও গণিতবিষয়ক কোর্স যুক্ত করার পরামর্শও দেওয়া হয়।

ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষার পাঠ্যক্রমকে আধুনিক ও কর্মমুখী করতে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পৃক্ততা বাড়াতে হবে। পাঠ্যক্রম প্রণয়ন ও হালনাগাদে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের যুক্ত করতে হবে। আগামী শিক্ষাবর্ষে পাঠ্যক্রম আধুনিকায়নে বিশ্ববিদ্যালয়গুলো কী উদ্যোগ নিয়েছে, তা জানতে চাওয়া হবে বলেও জানান তিনি।

গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর যাবতীয় সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করার আহ্বান জানান অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়ন, শিক্ষকসংকট নিরসন ও পাঠ্যক্রম আধুনিকায়নসহ বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে। শুধু সমস্যা তুলে ধরলে হবে না, সমাধানের পথও বের করতে হবে। এ জন্য উপাচার্যদের গবেষণা প্রকল্পের প্রস্তাব জমা দিতে বলেন তিনি। গবেষণার জন্য পৃথক অর্থ বরাদ্দ, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ এবং গবেষণার ফল বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে ইউজিসি সহযোগিতা করবে বলেও জানান তিনি।

চেয়ারম্যান বলেন, শুধু কিউ১ ও কিউ২ মানের সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশের ওপর গুরুত্ব না দিয়ে দেশের কৃষি, অর্থনীতি ও সমাজের বাস্তব সমস্যা সমাধানে কার্যকর গবেষণায় মনোযোগ দিতে হবে।

গত ৫০ বছরে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা দেশের অর্থনীতি ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের সমস্যার সমাধানেও গবেষণার ওপর নির্ভর করতে হবে। উচ্চশিক্ষা ও গবেষণার কার্যক্রম ইউজিসি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

সভায় কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট, বিশেষ করে নতুন চারটি কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিষয়েও আলোচনা হয়। শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা যায় কি না, সে প্রস্তাব দেন উপাচার্যদের কেউ কেউ। পাশাপাশি শিক্ষকস্বল্পতা মোকাবিলায় অন্য বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষকদের এক বছরের জন্য ফেলোশিপের আওতায় সাময়িকভাবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব আসে। অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকদেরও কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া বিদেশের বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রবাসী বাংলাদেশি শিক্ষকদের দেশে পাঠদানে সম্পৃক্ত করার প্রস্তাব দেওয়া হয়। এ ক্ষেত্রে তাদের ছুটির ব্যবস্থা, বিমানভাড়া, সম্মানী ও দায়িত্ব পালনের শর্ত নির্ধারণে নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। নতুন শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য আগামী পাঁচ বছরের মধ্যে ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান ইউজিসি চেয়ারম্যান। ইন্টার্নশিপ বাধ্যতামূলক ও বেতনভিত্তিক করার পাশাপাশি এ ক্ষেত্রে শুধু সরকারের অর্থায়নের ওপর নির্ভর না করে শিল্পপ্রতিষ্ঠান ও নিয়োগদাতাদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় বাড়ানোর পরামর্শ দেন।

এদিকে উচ্চশিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সংযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইউজিসি চেয়ারম্যান। বিশ্বব্যাংকের সম্প্রতি প্রকাশিত ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেইলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে ৬০ শতাংশের বেশি স্নাতক ডিগ্রিধারী তরুণ যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে অনানুষ্ঠানিক খাতে কাজ করতে বাধ্য হচ্ছেন। এ কারণে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় উচ্চশিক্ষার মানোন্নয়ন, কর্মমুখী দক্ষতা বৃদ্ধি, গবেষণা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে। সরকারের নেওয়া উদ্যোগ সম্পর্কেও শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক মো. আবদুল্লাহ আল-মামুন, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের ১০টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভায় অংশ নেন।

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950