কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষদের

ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ

ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সিরাজগঞ্জ ক্যাম্পাসে অবস্থিত ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ অনুমোদনের পর অনুষদটিকে কৃষি গুচ্ছের ভর্তি কার্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ১২ নভেম্বর ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ থেকে পাঠানো এক পত্রে অনুষদটিতে নতুন শিক্ষার্থী ভর্তির বিষয়ে সম্মতি ও পরামর্শ দেওয়া হয়। এর ফলে দীর্ঘ কয়েক বছর পর অনুষদটিতে নতুন শিক্ষার্থী ভর্তির সুযোগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ও একাডেমিক অগ্রযাত্রায় এটিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ ক্যাম্পাসের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে শিক্ষার্থী ভর্তির অনুমতি পাওয়া আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের ও ইতিবাচক সংবাদ। অতীতের সীমাবদ্ধতা ও সংকট কাটিয়ে প্রতিষ্ঠানটিকে একটি মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণাকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। ৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়ায় ইউজিসিকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থী ভর্তির মাধ্যমে এ ক্যাম্পাসের সার্বিক একাডেমিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে।

তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হলো আধুনিক, বাস্তবমুখী ও আন্তর্জাতিক মানের ভেটেরিনারি শিক্ষা নিশ্চিত করা, যাতে করে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও মানবিক গ্র্যাজুয়েট হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। মূল ক্যাম্পাসের পাশাপাশি সিরাজগঞ্জ ক্যাম্পাসের অবকাঠামো, ল্যাবরেটরি ও গবেষণার সুযোগ সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

উপাচার্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনুষদটিতে ৪০ জন শিক্ষার্থী ভর্তির জন্য কৃষি গুচ্ছে অন্তর্ভুক্তির ক্ষেত্রেও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

অনুমোদিত একাডেমিক কাঠামো অনুযায়ী, অনুষদটির অধীনে মোট নয়টি বিভাগ বা বিভাগীয় ক্ষেত্র রয়েছে। এগুলো হলো- অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি, প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন অ্যান্ড সার্জারি, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং, ডেইরি অ্যান্ড পোলট্রি সায়েন্স এবং এগ্রিকালচারাল ইকোনমিকস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড স্ট্যাটিসটিকস।

অনুষদটির অধীনে পাঁচ বছর মেয়াদি ‘বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি’ ডিগ্রি প্রদান করা হবে। এ ডিগ্রির মোট ক্রেডিট ২০০ থেকে ২২৮। ভবিষ্যতে মৌলিক ও ফলিত ভেটেরিনারি বায়োমেডিকেল এবং প্রাণিসম্পদ উৎপাদনবিষয়ক ক্ষেত্রে এমএস, এমফিল ও পিএইচডি পর্যায়ের উচ্চতর গবেষণা কার্যক্রম চালুর পরিকল্পনাও রয়েছে। বর্তমানে অনুষদটিতে পাঁচজন শিক্ষক ও ১০ জন কর্মচারী কর্মরত আছেন।

প্রাণিসম্পদ খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়ায় ২০১৩ সালের জুন থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত একটি সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটির অবকাঠামো নির্মাণ করা হয়। ২০১৯ সালে এটি ‘সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ’ হিসেবে যাত্রা শুরু করে। পরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করা হয়।

তবে শিক্ষকসংকট, প্রশাসনিক জটিলতা ও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সৃষ্ট সেশনজটের প্রেক্ষাপটে পরবর্তী সময়ে ভর্তি কার্যক্রম স্থগিত হয়ে যায়।

দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের ২৯ জুন প্রতিষ্ঠানটিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ হিসেবে পূর্ণাঙ্গভাবে অন্তর্ভুক্ত করা হয়। একই বছরের ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথমবারের মতো পরীক্ষা কার্যক্রম শুরু হয়।

বর্তমানে অনুষদটিতে দুটি ব্যাচে মোট ৮৭ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এর মধ্যে প্রথম ব্যাচের ৪৩ জন পঞ্চম বর্ষের প্রথম সেমিস্টারে এবং দ্বিতীয় ব্যাচের ৪৪ জন চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারে রয়েছেন।

ইউজিসির এ সিদ্ধান্তের ফলে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়ন ও উচ্চশিক্ষায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন শিক্ষার্থী ভর্তির অনুমোদনকে বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ অর্জনের জন্য উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁদের প্রত্যাশা, উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন আরও এগিয়ে যাবে।

স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে থাইল্য…
  • ১৩ নভেম্বর ২০২৬
ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950