ফাহিম হোসাইনের ফেসবুক স্ট্যাটাস © টিডিসি ফটো
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিকৃত করে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তোপের মুখে পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দ্বিতীয় বর্ষের এক ছাত্র। এ ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে শাখা ছাত্রলীগ বলছে, তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করতে হবে।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম ফাহিম হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৭ তম ব্যাচের ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের বক্তব্য বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন অভিযুক্ত ফাহিম হোসাইন। যেখানে তিনি উল্লেখ করেন ‘দুঃখ- ভারাক্রান্ত মন নিয়ে সেট মেন্যু প্লেটার নিয়ে বসছি #jucc iftar আলুর চপ কই? আজকে বানাই নাই। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ইফতারের সামনে হাজির হয়েছি।’
পরবর্তীতে ফেসবুকে সেটি ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড়ের মুখে পড়েন অভিযুক্ত ওই শিক্ষার্থী। পরে অবশ্য অভিযুক্ত ফাহিম হোসাইন বঙ্গবন্ধুর বক্তব্য বিকৃতি করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ফাহিম হাসান বলেন, বুঝতে পারিনি এই বিষয়টা নিয়ে এত কিছু হবে। আমি আসলে আমার কাজের জন্য দুঃখ প্রকাশ করছি। এছাড়া আমার আর কিছু বলার নেই।
আশুলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক কামরুল হাসান বলেন, এখনো কোন মামলা হয়নি। তবে অভিযোগপত্র আমার হাতে আছে।
এদিকে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা আক্তার। শিক্ষার্থীর লেখার প্রতিবাদ জানিয়ে তিনি তার ফেসবুকে লিখেছেন, এই ছেলেটির উপযুক্ত শাস্তি দাবি করছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। এর সাহস হয় কিভাবে জাতির পিতাকে নিয়ে ট্রল করার।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত ফাহিম হোসাইনকে বহিষ্কারের কথা জনিয়েছে ক্লাবটি।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা জানান, যারা বঙ্গবন্ধুকে নিয়ে অথবা তার বক্তব্য নিয়ে বাজে মন্তব্য করে তারা স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না। আমরা এদের বিরুদ্ধে সবসময় সোচ্চার আছি। তার আজীবন বহিষ্কারের জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো।
অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে কোন মামলা করা হবে কিনা? এমন প্রশ্নে জুয়েল রানা বলেন, এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিবো।
বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর আ. স. ম. ফিরোজ-উল-হাসান বলেন, অনেকেই আমাদের কাছে মৌখিক অভিযোগ জানিয়েছেন। তবে লিখিত ভাবে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আমরা নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।