রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় © সংগৃহীত
এসএসসি পরীক্ষার নির্বাচনি (টেস্ট) পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় বিদ্যালয় ক্যাম্পাসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় তাদের সবাইকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (১৫ নভেম্বর) সকালে ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, আজ সকালে এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। এর আগেই কয়েকজন শিক্ষার্থী নিজেদের ফলাফল জানতে পারে। ফলাফল আশানুরূপ না হওয়ায় তারা ‘জয়বাংলা’ স্লোগান দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে আওয়ামী লীগ সরকারের আমলে পড়াশোনার চাপ কম ছিল এবং সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যেত। কিন্তু এখন ভালো ফলাফল করতে হলে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনা ও পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে। এসব বিষয় নিয়ে অসন্তোষ থেকে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জন আওয়ামী লীগ পরিবারের সন্তান বলে জানা গেছে। শনাক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের কার্যক্রম চলমান রয়েছে। তাদের সবাইকে বিদ্যালয় থেকে টিসি দেওয়া হবে।