বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে এনএসইউতে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্টের বক্তৃতা

০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ PM
এনএসইউতে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্টের বক্তৃতা

এনএসইউতে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্টের বক্তৃতা © সংগৃহীত

বিশ্বরাজনীতিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক সম্পর্ক এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তনের বিষয় তুলে ধরেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ। তিনি বলেছেন, বিশ্বের বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ ও কৌশলগত সম্পর্ক বজায় রাখা সার্বিয়ার পররাষ্ট্রনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রবিবার (৪ অক্টোবর) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘জিও-স্ট্র্যাটেজিক অ্যাসপেক্টস অব গ্লোবাল পলিটিকস’ শীর্ষক বিশেষ বক্তৃতায় এসব বিষয় তুলে ধরেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ভিসি কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সমসাময়িক বিশ্বরাজনীতি, বৈশ্বিক ক্ষমতার পরিবর্তন এবং আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তনশীল রূপ নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট (২০০৪-২০১২) ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী (২০০৩-২০০৪) বরিস তাদিচ। এতে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ।

বক্তৃতায় বরিস তাদিচ বলেন, ইউরোপসহ বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক পরিস্থিতিকে দিন দিন আরও অনিশ্চিত করে তুলছে। সংঘাত বড় আকার ধারণ করার আগেই তা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বিশ্বরাজনীতিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তাদিচ বলেন, সার্বিয়ার পররাষ্ট্রনীতিতে এই চারটি পরাশক্তিই গুরুত্বপূর্ণ অংশীদার। আন্তর্জাতিক পরিস্থিতিতে সার্বিয়ার অবস্থান ব্যাখ্যা করে তিনি বিশ্বের বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ ও কৌশলগত নীতি বজায় রাখার ওপর জোর দেন।

বক্তৃতার শুরুতে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন বরিস তাদিচ। তিনি জানান, প্রাথমিক জীবনে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না থেকেও কীভাবে পরবর্তী সময়ে দেশের প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে যান। পরে ইউরোপের বর্তমান ভূরাজনৈতিক চ্যালেঞ্জ এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তনের বিষয়টি বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক এ কে এম আতিকুর রহমান, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন এবং স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্রসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক নেছার ইউ. আহমেদ সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘বিশ্বের বিশিষ্ট নেতাদের সাথে এই ধরনের আলোচনা আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের বিশ্বপরিস্থিতি সম্পর্কে গভীরভাবে জানার এবং বৈশ্বিক অভিজ্ঞতা থেকে শেখার অনন্য সুযোগ তৈরি করে’।

তিনি বিশ্ববিদ্যালয়ে তথ্যভিত্তিক আলোচনা, গঠনমূলক চিন্তা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বুদ্ধিবৃত্তিক চর্চা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময়ের সুযোগ তৈরিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিশ্রুতির অংশ হিসেবে এ বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়।

অতিরিক্ত সাইকেল চালালে পুরুষের শুক্রাণু কমে যায়? যা বলছে গব…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬