ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট © টিডিসি ফটো
ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টের অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটির ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কাছে ২৭ রানে হেরে রানার্স আপ হয় বাংলাদেশ ইউনিভার্সিটির ক্রিকেট দল।
ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে দলটি। অধিনায়ক নিলয় মাত্র ১০ বলে ৪০ রান করেন। এছাড়া মাহফুজ ১৭ বলে ৩৬, ফাহাদ ১০ বলে ৩৬ এবং সাকের ২৮ রান করেন। বাংলাদেশ ইউনিভার্সিটির হয়ে রানা ১০ রান দিয়ে ২টি এবং সালাম ২৪ রান দিয়ে ১টি উইকেট নেন।
১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ ইউনিভার্সিটি। দুই ওপেনার মহব্বত ও জহিরুল দ্রুত ফিরে যান। মহব্বত ১ বল খেলে কোনো রান না করেই এবং জহিরুল ১০ বলে ১০ রান করে আউট হন।
এরপর রানা ও মিনহাজুল দলের হাল ধরার চেষ্টা করেন। তবে প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় জুটি গড়তে পারেননি তারা। শেষদিকে শাহপরান ও মিনহাজুলের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ ইউনিভার্সিটি। শেষ পর্যন্ত নির্ধারিত ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩১ রান করে দলটি।
বাংলাদেশ ইউনিভার্সিটির হয়ে শাহপরান মাত্র ৯ বলে ৪৩ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। মিনহাজুল ৭ বলে ৪০ এবং রানা ২১ বলে ৩২ রান করেন। ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের হয়ে হাফিজ ২২ রান দিয়ে এবং আশরাফুল ১২ রান দিয়ে ১টি করে উইকেট নেন।
আরও দেখুন: সপ্তাহের সেরা ১৫ সরকারি চাকরি
ফাইনাল শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন আয়োজক কমিটির সদস্যরা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তিন তারকা আতাহার আলী খান, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলটের প্রতিষ্ঠান ‘থ্রি ক্রিকস’ বরাবরের মতো এবারও টুর্নামেন্টটির আয়োজন করে। এবারের আসরে অংশ নেয় ৩২টি বিশ্ববিদ্যালয়।
টুর্নামেন্টজুড়ে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটির মিনহাজুল। ২১০ রান করে তিনি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। পাশাপাশি ৩১টি ছক্কা মেরে সর্বোচ্চ ছক্কার স্বীকৃতিও অর্জন করেন। বাংলাদেশ ইউনিভার্সিটির সোহেল রানা টুর্নামেন্টে সর্বোচ্চ ১১টি বাউন্ডারি মেরে সর্বোচ্চ বাউন্ডারি হাঁকানোর স্বীকৃতি পেয়েছেন।
ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টের আগের সাত আসরের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল তিনবার চ্যাম্পিয়ন এবং দুইবার রানার্স আপ হয়েছে। এবারের রানার্স আপের মধ্য দিয়ে টুর্নামেন্টে নিজেদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখল বিশ্ববিদ্যালয়টির ক্রিকেট দল।