মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘সেকন্ড ইন্টারন্যাশনাল সামিট অন এমপ্লয়াবিলিটি অ্যান্ড সফট স্কিলস (আইএসইএসএস ২০১৮)” শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ সদস্যের প্রতিনিধি দল। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
গত ৬ ও ৭ আগস্ট মালয়েশিয়ার বাঙ্গিতে অবস্থিত এভিনিউ গ্র্যান্ড হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘স্নাতকদের পোশাদারিত্ব ও কর্মদক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়া (ইউএসআইএম) ও বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
শিক্ষার্থীদের চিন্তার দক্ষতা, আন্তঃ দক্ষতা, ব্যক্তিত্বের দক্ষতা, যোগাযোগ দক্ষতা ইত্যাদির অভাব পূরণে নতুন নতুন শিক্ষা উপকরণ ও শিক্ষা পদ্ধতির উদ্ভাবনের উদ্দেশে এ সম্মেলনের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের চিরাচরিত শিক্ষণপদ্ধতি ও মানসিকতার বিপরীতে এই চ্যালেঞ্জগুলো মোকবাবেলার জন্য নতুন শিক্ষা উপকরণ ও প্রশিক্ষকদের পেডাগগি উদ্ভাবন করাও এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।