রাবি শিক্ষার্থী শাহ পরান © টিডিসি সম্পাদিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করার পরও প্রশাসন ‘অজ্ঞাতনামা’ আসামি করে মামলা করেছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহ্ পরান। তিনি বলেন, হামলায় জড়িতদের সবাইকে চেনেন এবং প্রশাসনও তাদের চেনে। এরপরও তাদের নাম মামলায় উল্লেখ করা হয়নি।
আজ সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সাংবাদিক ও শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
শাহ্ পরান বলেন, ‘গতকালকের হামলার ভিডিওগুলো আপনারা দেখছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ওগুলো ভালোভাবে ছড়াইছে। সেখানে যারা হামলা করছে, সবাইকে আমরা চিনি এবং সবাইকে সবাই চিনে। প্রশাসন নিজেও চিনে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘কিন্তু প্রশাসন মামলা করছে অজ্ঞাতনামা। মানে ওই যে মুখের উপর মুলা ঝুলায় দেয় না ওইটা ঝুলানোর জন্য অজ্ঞাতনামা মামলা করছে। তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না।’
হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে শাহ্ পরান বলেন, ‘মূলত আমরা হচ্ছে আবারও এখানে আসছি কারণ আমাদের প্রথম দফা ছিল এটা যে আসলে আসামিদের হচ্ছে প্রাথমিক তদন্তের মাধ্যমে যারা শনাক্ত হবে তাদের নাম সহ হচ্ছে ফৌজদারি দণ্ডবিধির মামলা করতে হবে।’
তিনি আরও বলেন, হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সেখানে জড়িতদের শনাক্ত করা সম্ভব। তাই অজ্ঞাতনামা মামলা না করে তদন্তের মাধ্যমে হামলাকারীদের নাম মামলায় যুক্ত করার দাবি জানান তিনি।