আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’ অনুষ্ঠিত

০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৯ AM
  একাত্রয় ক্রনিকলস—দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড অনুষ্ঠিত

একাত্রয় ক্রনিকলস—দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড অনুষ্ঠিত © টিডিসি ফটো

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (আবিপ্রবি) তিন ধাপের বর্ণাঢ্য আয়োজন ‘একাত্রয় ক্রনিকলস—দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’ অনুষ্ঠিত হয়েছে। নগর সমস্যা সমাধান নিয়ে সেমিনার, জব ফেস্ট, নবীনবরণ ও বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে শেষ হয়েছে পুরকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানমালা।

পুরকৌশল বিভাগের উদ্যোগে এবং হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসির পৃষ্ঠপোষকতায় এ আয়োজন করা হয়। এইউএসটি সিভিল ইঞ্জিনিয়ারিং সোসাইটির (এসিইএস) সার্বিক তত্ত্বাবধানে আয়োজনটির মূল উদ্যোক্তা ও আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়ের একাত্রয় ৪৯ (৪র্থ বর্ষ, ১ম সেমিস্টার) ও ব্যাচ ৫৪ (১ম বর্ষ, ২য় সেমিস্টার)।

সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তিনটি ভিন্ন দিনে আয়োজনের তিনটি ধাপ অনুষ্ঠিত হয়। এতে জ্ঞানচর্চা, ক্যারিয়ার ভাবনা, নতুন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের বিদায় জানানোর নানা আয়োজন ছিল।

আয়োজনের প্রথম ধাপে গত ২১ সেপ্টেম্বর ‘ঢাকা শহরের ট্রাফিক জট নিরসনে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক। তিনি ঢাকা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা এবং তা নিরসনে বাস্তবমুখী ও টেকসই পুরকৌশলগত সমাধান ও কৌশল তুলে ধরেন।

দ্বিতীয় ধাপে ২৭ ও ২৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘এইউএসটি সিভিল জব ফেস্ট ২০২৬’। একাডেমিয়া ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে আয়োজিত এ জব ফেস্টে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান।

জব ফেস্টে হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি, ডেভেলপমেন্ট সলিউশনস কনসালটেন্ট লিমিটেড (ডিএসসিএল), হেলদি কনক্রিট, পিনাকল ইঞ্জিনিয়ারিং সলিউশনস এবং স্টাডিনেটের মতো প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এতে শিক্ষার্থীরা কাজের সুযোগ খোঁজার পাশাপাশি ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা পান।

তৃতীয় ধাপে গত ৩ অক্টোবর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রায় ৭০০ শিক্ষার্থীর উপস্থিতিতে ১.১ ব্যাচের নবীনবরণ ও ৪.২ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন আবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক। পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. শারমিন রেজা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. ফাতেমা-তুজ-জহুরা।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) প্রধান প্রকৌশলী মো. খালেকউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি ও ব্রুনাইয়ের ব্যবস্থাপনা পরিচালক টেরেন্স ওং কিয়ান হক (Terence Ong Kian Hock) এবং প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সমীর জাকারিয়া।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ১.১ থেকে ৪.১ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে বিদায়ী ৪.২ ব্যাচের গ্র্যাজুয়েটদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. ফাতেমা-তুজ-জহুরা।

সবশেষে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘ওয়ারফেইজ’ মঞ্চে সংগীত পরিবেশন করে। তাদের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় ‘একাত্রয় ক্রনিকলস—দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’।

শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার যোগসূত্র তৈরি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসির ধারাবাহিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা পুরো আয়োজনে প্রশংসিত হয়।

ঢামেকে বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংব…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬