ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী

১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৩ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়সহ সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’ আজ শুক্রবার (১৬ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়সহ সারা বিশ্বের হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা মর্ত্যলোকে আগমন করেন এবং ভক্তদের কল্যাণ সাধনের পাশাপাশি অশুভ শক্তির বিনাশ করেন। অশুভের বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনাই দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করেন। ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়। এটি বাংলাদেশের আবহমান ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির সৌন্দর্য।

তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল শিক্ষা। মানবতার কল্যাণও সব ধর্মের অন্যতম প্রধান লক্ষ্য। তাই নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি পালনের পাশাপাশি মানুষের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সবার দায়িত্ব।

দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টের বিতাড়নের পর বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে শুরু হয়েছে দেশ পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞ। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই সরকারের অঙ্গীকার।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় সমৃদ্ধ হয়ে উঠুক দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ।

হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যেন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিশ্চিন্তে ও নিরাপদে সারা দেশে দুর্গাপূজার উৎসব উদ্‌যাপন করেন। এ সময় তিনি তাঁদের আবারও শুভেচ্ছা জানান।

গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬
কারিগরিতে নারী শিক্ষার্থী-শিক্ষক এখনো ৩০ শতাংশের নিচে
  • ১৬ অক্টোবর ২০২৬
এসজেডএমসি ডে-২০২৬ উদযাপন কমিটির নেতৃত্বে ডা. বিটু-জহুরুল
  • ১৬ অক্টোবর ২০২৬
যেভাবে গ্রেপ্তার হন ৫ সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রশ্ন ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন ভিসির নেতৃত্বে চুয়েটের অনলাইন সিন্ডিকেট সভায় ৩ সিদ্ধান…
  • ১৬ অক্টোবর ২০২৬
বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬