মনিরুজ্জামান © সংগৃহীত
৪৫তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মনিরুজ্জামান। তিনি মৎস্য ক্যাডারে (মেধাক্রম ২৮) সুপারিশ পেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গেজেটে নাম না থাকায় ভেঙে পড়েছেন এই প্রার্থী।
বুধবার (১৪ অক্টোবর) রাতে গেজেট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন মনিরুজ্জামান। নিজের হতাশা প্রকাশ করে বাবা-মায়ের স্বপ্নের কথা তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে নিজের যোগ্যতার মূল্যায়ন চেয়েছেন।
তার ওই ফেসবুক পোস্টটি দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
পাঁচ বছরের অপেক্ষা, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার দীর্ঘ পথ পেরিয়ে ৪৫তম বিসিএসে মেধাক্রমে ২৮তম হয়েছিলাম। ১ হাজার ৮০৭ জনের চূড়ান্ত সুপারিশেও ছিল আমার নাম। অথচ আজ গেজেটে আমি নেই!
আমার বাবা-মা সাধারণ মানুষ। কত স্বপ্ন নিয়ে ছেলেকে বিসিএস ক্যাডার হিসেবে দেখার অপেক্ষায় ছিলেন! আজ রাতে তাঁরা ঘুমিয়ে আছেন। জানেন না, তাঁদের সন্তানের পাঁচ বছরের পরিশ্রমের পরিণতি কী হয়েছে। সকালে তাঁদের চোখের দিকে তাকিয়ে কী বলব?
আমরা বিশ্বাস করেছিলাম আপনাদের ন্যায়বিচার ও বৈষম্যহীনতার প্রতিশ্রুতি। আজ প্রশ্ন জাগে, মেধার মূল্যায়ন চাইতে গেলেও কি আমাদের অপরাধী হতে হবে?
আমি করুণা চাই না, দয়া চাই না—শুধু ন্যায্য অধিকার চাই। রাষ্ট্রের কাছে আমার একটাই প্রশ্ন, এই দেশ কি আমারও নয়?
মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কান্না নয়, আমাদের যোগ্যতাটুকু দেখুন। পাঁচ বছরের স্বপ্ন এভাবে ভেঙে দেবেন না। আমাদের বাঁচার মতো করে বাঁচতে দিন।