পিএসসি © সংগৃহীত
৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (২৩ নভেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে হাজিরা তালিকায় পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ে বিন্যস্ত করে এবং প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষভিত্তিক দৈবচয়ন (Random) প্রক্রিয়ায় হাজিরা তালিকা প্রস্তুত করা হবে। দৈবচয়ন (Random) প্রক্রিয়ায় পরীক্ষার্থীদের নিজ আসন ও কক্ষ চিহ্নিত করা একটু সময়সাপেক্ষ। এ পরিপ্রেক্ষিতে নিজ আসন এবং কক্ষ চিহ্নিত করার জন্য পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
এতে বলা হয়, বিষয়টি প্রবেশপত্রে এবং পরীক্ষা পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনায় উল্লেখ রয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠান এবং হলের সুশৃঙ্খল পরিবেশ অক্ষুণ্ন রাখার স্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে প্রতিপালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরেক বিজ্ঞপ্তিতে বিসিএস পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীরা কী আনতে পারবেন আর কী পারবেন না, সে সংক্রান্ত নির্দেশনা দিয়েছে পিএসসি।
নির্দেশনাসমূহ:
পরীক্ষার হলে সব ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, মোবাইল ফোন, সব প্রকার ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক, ব্যাগ, চাবি, মানিব্যাগ, গহনা, ব্রেসলেট এবং ক্রেডিট/ডেবিট কার্ডসদৃশ কোনো ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না ।
পরীক্ষা হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
পরীক্ষার দিন উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী সাথে না আনার জন্য সব পরীক্ষার্থীর মোবাইল ফোনে এসএমএস প্রেরণ করা হবে। এসএমএস বার্তার নির্দেশনা অনুসরণ করতে হবে।
পরীক্ষার সময় পরীক্ষার্থীগণ কানের ওপর কোনো আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ পূর্বাহ্ণে কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।
পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর নিকট বর্ণিত নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীতব্য সব নিয়োগ পরীক্ষার জন্য উক্ত পরীক্ষার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।
এছাড়া, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ এর ধারা-১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুযায়ী কোনো অপরাধ সংঘটন করলে বা সংঘটনে সহায়তা করলে, তিনি যে ধারার অধীন অপরাধ সংঘটন করবেন বা সংঘটনে সহায়তা করবেন, সে ধারায় বর্ণিত দণ্ডে দণ্ডিত হবেন।
