পিএসসিতে প্রেষণে সিস্টেম ম্যানেজার নিয়োগ, চাকরিপ্রার্থীদের এত উদ্বেগ কেন?

০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪২ PM
প্রেষণে নিয়োগ পাওয়া সিস্টেম ম্যানেজার মো. আবু বাতেন তালুকদার

প্রেষণে নিয়োগ পাওয়া সিস্টেম ম্যানেজার মো. আবু বাতেন তালুকদার © টিডিসি সম্পাদিত

সরকারি চাকরিতে নিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিগত কয়েক দশক ধরে স্বচ্ছতার সাথে প্রার্থীদের নিয়োগ সুপারিশের মাধ্যমে আস্থার প্রতীকে পরিণত হয়েছে সংস্থাটি। তবে আবেদ আলী গংদের প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে অনেকের মতে, ‘আস্থার সংকটে’ পড়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এর মধ্যেই পিএসসিতে সিস্টেম ম্যানেজারের মতো গুরুত্বপূর্ণ পদে প্রেষণে কর্মকর্তা নিয়োগ দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নিয়মিত নিয়োগের পরিবর্তে প্রেষণে কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্তের ফলে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে। উদ্বেগ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা।

বিশেষ করে একজন কর্মকর্তাকে অর্থ বিভাগে নিয়োগ দেওয়ার মাত্র এক দিনের মাথায় পিএসসির মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানে প্রেষণে পাঠানোর ঘটনায় প্রশ্ন উঠেছে, এই নিয়োগের পেছনে আসল উদ্দেশ্য কী? কেনই বা এত গুরুত্বপূর্ণ একটি পদে নিয়মিত ও প্রাতিষ্ঠানিক নিয়োগের পরিবর্তে প্রেষণের পথ বেছে নিল সরকার।

গত ২৬ অক্টোবর পিএসসিতে যোগদান করেন প্রেষণে নিয়োগ পাওয়া সিস্টেম ম্যানেজার মো. আবু বাতেন তালুকদার। তাকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রেষণে পিএসসিতে নিয়োগ দেওয়া হয়েছে।

পিএসসিতে জমা দেওয়া আবু বাতেন তালুকদারের যোগদানপত্র পর্যালোচনায় দেখা গেছে, গত ১৭ অক্টোবর গ্রেড-৩ পদে অর্থ বিভাগের (অর্থ মন্ত্রণালয়) সিস্টেম ম্যানেজার হিসেবে যোগদান করেন তিনি। এর মাত্র এক দিন পর অর্থাৎ ১৮ অক্টোবর তাকে প্রেষণে পিএসসির সিস্টেম ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হয়। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এবং পরবর্তী সময়ে আরেকটি অত্যন্ত সংবেদনশীল প্রতিষ্ঠানে প্রেষণে পদায়নের সিদ্ধান্তকে ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে চাকরিপ্রার্থীদের মনে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, পিএসসির সিস্টেম ম্যানেজারের পদটি কেবল একটি প্রশাসনিক পদ নয়; বরং প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত ব্যবস্থাপনা ও তথ্যনিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার তথ্য সংরক্ষণ, ফলাফল প্রস্তুত ও প্রকাশের প্রযুক্তিগত প্রক্রিয়ায় এ পদটি খুবই সংবেদনশীল।

চাকরিপ্রার্থীরা বলছেন, প্রতিটি বিসিএসের ফলাফলের সঙ্গে জড়িয়ে থাকে হাজারো চাকরিপ্রার্থীর কয়েক বছরের পরিশ্রম, স্বপ্ন ও ভবিষ্যৎ। সেই ফলাফল ব্যবস্থার নিরাপত্তা নিয়ে সামান্যতম অনিশ্চয়তাও পুরো নিয়োগব্যবস্থার প্রতি চাকরিপ্রার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের আস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। ফলে এমন একটি সংবেদনশীল পদে প্রেষণে নিয়োগ পাওয়া কর্মকর্তার দায়িত্ব, ক্ষমতা ও প্রবেশাধিকার সম্পর্কে সুস্পষ্ট তথ্য না থাকলে নিয়োগ পরীক্ষার তথ্যের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হবে।

এক দিনের ব্যবধানে নিয়োগ, প্রশ্নের মুখে সিদ্ধান্ত
সামাজিকযোগমাধ্যমে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, অর্থ বিভাগে সিস্টেম ম্যানেজার হিসেবে যোগদানের পরদিনই কেন মো. আবু বাতেন তালুকদারকে পিএসসিতে প্রেষণে পাঠানোর প্রয়োজন দেখা দিল সেটি নিয়ে। পিএসসির মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পদে নিয়োগের ক্ষেত্রে কী ধরনের যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক যাচাই-বাছাই অনুসরণ করা হয়েছে সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ। 

এ ধরনের প্রশ্নের ব্যাখ্য যদি পিএসসি না দেয় তাহলে তার নিয়োগের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক আরও বাড়বে। বিশেষ করে যে প্রতিষ্ঠানকে সরকারি নিয়োগে নিরপেক্ষতা ও মেধার মূল্যায়নের শেষ ভরসা হিসেবে বিবেচনা করে থাকেন চাকরিপ্রার্থীরা, সেই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রযুক্তিগত ব্যবস্থাপনায় স্বচ্ছতার ঘাটতি কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মনে করছেন তারা।

যদিও পিএসসি বলছে, প্রতিষ্ঠানের পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ কোনো একক কর্মকর্তার হাতে নেই। চেয়ারম্যান, সংশ্লিষ্ট বিসিএসের দায়িত্বশীল সদস্য, পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টের সমন্বয়ে কার্যক্রম পরিচালিত হয়। ফলে এককভাবে কোনো নিয়োগ পরীক্ষার ফলাফল পরিবর্তন বা অনিয়ম করার সুযোগ কারও নেই।

তবে এককভাবে ফলাফল পরিবর্তনের সুযোগ না থাকলেই কি পুরো প্রযুক্তিগত ব্যবস্থা ঝুঁকিমুক্ত সেই প্রশ্ন তুলেছেন চাকরিপ্রার্থীরা। তাদের মতে, সিস্টেম ম্যানেজারের প্রবেশাধিকার কতটুকু, তার কার্যক্রম কে পর্যবেক্ষণ করবেন, তথ্য পরিবর্তনের প্রতিটি পদক্ষেপের ডিজিটাল রেকর্ড বা অডিট ট্রেইল সংরক্ষিত হয় কি না সেগুলো যাচাই করা দরকার। 

এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সিস্টেম ম্যানেজারের পদটি ফাঁকা ছিল, এজন্য হয়তো সরকার ওই পদে প্রেষণে নিয়োগ দিয়েছেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি কয়েকটি বিসিএসের ক্যাডার পদের ফলাফল প্রকাশের ক্ষেত্রে নানা ত্রুটি দেখা দেয়। এসব ত্রুটির কারণে পিএসসিকে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়। পরবর্তী সময়ে ভুল সংশোধন করে কয়েকজন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশও করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক কর্মকর্তা বলেন, ‘পরপর কয়েকটি বিসিএসের ফলাফলে ভুলের কারণে পিএসসিকে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। ভুল হওয়ার কারণে পরবর্তীতে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হয়। এজন্য সিস্টেম অ্যানালিস্টকে নিয়ন্ত্রণে রাখতে, তার কাজগুলো দেখভাল করতে সিস্টেম ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে।’

পিএসসির মতো প্রতিষ্ঠানে শুধু অনিয়মের সুযোগ না থাকাই যথেষ্ট নয়; বরং অনিয়মের কোনো আশঙ্কা নেই, সেটি নিশ্চিত করার মতো কার্যকর ও গ্রহণযোগ্য নিরাপত্তাব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

চাকরিপ্রার্থীদের আস্থা ফেরাবে কে?
সরকারি চাকরির নিয়োগব্যবস্থায় পিএসসি একটি আস্থার জায়গা। এখানে কোনো ধরনের অনিয়মের আশঙ্কা তৈরি হওয়াও লাখো চাকরিপ্রার্থীর জন্য উদ্বেগের বিষয়। বিশেষ করে বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় দীর্ঘ প্রস্তুতি, আর্থিক বিনিয়োগ ও জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করার পর প্রার্থীরা অন্তত এটুকু নিশ্চয়তা চান যে তাদের ফলাফল সম্পূর্ণ নিরাপদ, নিরপেক্ষ ও কারিগরিভাবে সুরক্ষিত।

এ অবস্থায় পিএসসির উচিত প্রেষণে নিয়োগের যৌক্তিকতা, সিস্টেম ম্যানেজারের ক্ষমতা ও দায়িত্বের পরিধি এবং ফলাফল ব্যবস্থার নিরাপত্তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ফলাফল প্রস্তুত ও প্রকাশের পুরো প্রযুক্তিগত প্রক্রিয়ায় বহুমাত্রিক নিয়ন্ত্রণ, ডিজিটাল অডিট ট্রেইল এবং নিরাপত্তা নিরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করা।

এ বিষয়ে জানতে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে তার দপ্তরে গিয়েও সাক্ষাৎ পাওয়া যায়নি।

তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুজনকে পুলি…
  • ০৯ নভেম্বর ২০২৬
ফেনীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা নিষিদ্ধ ছাত্রলীগের, অভিযোগ…
  • ০৯ নভেম্বর ২০২৬
এবার বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসে পেট্রল বোমা নিক্ষেপ
  • ০৯ নভেম্বর ২০২৬
৪২-৪৫ বছরে সহকারী অধ্যাপক, ৩৯ বছরে প্রভাষক নিয়োগ— ইউজিসির আ…
  • ০৯ নভেম্বর ২০২৬
পুলিশের নাকের ডগায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল!
  • ০৯ নভেম্বর ২০২৬
পর্দার ‘সীতা’ সাই পল্লবী বাস্তবে কেমন জীবনসঙ্গী চান, জানালে…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950