বিএনপির বিক্ষোভ মিছিল © সংগৃহীত
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে এ স্লোগান দেওয়া হয়।
স্থানীয় বিএনপি নেতারা জানান, বিক্ষোভ মিছিলটিতে প্রথমে সবকিছু ঠিকঠাকই চলছিল। পরে মিছিলের একটি পর্যায়ে ওই স্লোগান দেওয়া হয়।
স্লোগানটি দেন গলাচিপা পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফয়সাল। পরে তিনি দাবি করেন, ভুলবশত মুখ ফসকে দলের নাম বলতে গিয়ে ছাত্রলীগ-যুবলীগের নাম বলে ফেলেছেন।
ফয়সাল আহমেদ বলেন, ‘ভুলবশত হঠাৎ করে মুখ ফসকে দলের নাম বলতে গিয়ে লীগের নাম বলে ফেলি। যা একদম অনাকাঙ্ক্ষিত। আমি আমার এই ভুলের জন্য অনুতপ্ত। ভবিষ্যতে এরকম ভুল আর হবে না।’
এ বিষয়ে আমখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিক গাজী বলেন, ‘আমরা নিজেরাই দলীয় কর্মসূচি পালন করেছি। সেখানে অন্য দলের লোকজন আসার প্রশ্নই ওঠে না। ভুলবশত হলেও হতে পারে।’