তিনটি বিদেশি পিস্তলসহ যুবক আটক, পরিচয় নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি দাবি

০৯ জুন ২০২৬, ০৮:২৮ AM , আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:০৭ AM
গ্রেপ্তার হওয়া যুবক

গ্রেপ্তার হওয়া যুবক © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তবে আটকের পর ওই যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাদের মধ্যে পাল্টাপাল্টি দাবি সামনে এসেছে।

সোমবার (৮ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে স্থাপিত একটি পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে আবদুর রহমান ওরফে রাহিম (২১) নামে ওই যুবককে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক রাহিম গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে। তাকে বেগমগঞ্জ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও ব্যবহার সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেগমগঞ্জ থানার উদ্যোগে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এর অংশ হিসেবে গোপালপুর-বাংলাবাজার সড়কে স্থাপিত চেকপোস্টে সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি মোটরসাইকেলে করে আসেন রাহিম। চেকপোস্ট অতিক্রমের সময় তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হয়। পরে শরীরে তল্লাশি চালিয়ে কোমরে গুঁজে রাখা অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, আটটি গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাশ একটি পোস্টে দাবি করেন, অস্ত্রসহ আটক আবদুর রহমান স্থানীয় জামায়াতের কর্মী।

তবে এ দাবি নাকচ করেছে জামায়াত। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে জেলা জামায়াতের সেক্রেটারি ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. বোরহান উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অস্ত্রসহ আটক ব্যক্তির সঙ্গে জামায়াতের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। নির্বাচনের সময় অনেকেই প্রার্থীর পাশে দাঁড়িয়ে ছবি তোলেন, তাই বলে তিনি দলীয় কর্মী হয়ে যান না।

তিনি বলেন, ভোটের পর থেকে রাহিম স্থানীয় ছাত্রদল নেতা রাকিবুল হাসান সম্রাটের সঙ্গে চলাফেরা করতেন এবং আটক হওয়া মোটরসাইকেলটিও সম্রাটের।

একই বিষয়ে উপজেলা জামায়াতের আমির মো. আবু জায়েদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, গ্রেপ্তার হওয়া যুবকের সঙ্গে জামায়াত বা শিবিরের কোনো সম্পর্ক নেই। জাতীয় সংসদ নির্বাচনের সময় গণসংযোগকালে জামায়াতের প্রার্থীর সঙ্গে তার একটি ছবি তোলা হয়েছিল, যা স্বাভাবিক ঘটনা। কেবল একটি ছবি দিয়ে কাউকে জামায়াতের কর্মী হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি আরও দাবি করেন, আবদুর রহমান স্থানীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী। যে মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়েছে সেটিও সম্রাটের বলে দাবি করেন তিনি। বিএনপি নিজেদের দায় এড়াতে জামায়াত-শিবিরের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন উপজেলা জামায়াতের আমির।

তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এদিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তিনটি পিস্তল, আটটি গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেগমগঞ্জে অবৈধ অস্ত্রধারী ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার হওয়া রাহিমকে মঙ্গলবার নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

বিশ্বকাপ ইতিহাসের সেরা ১০টি আইকনিক জার্সি
  • ০৯ জুন ২০২৬
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ডাচ তারকা ডিফেন্ডার
  • ০৯ জুন ২০২৬
বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৯ জুন ২০২৬
ব্রাজিল শিবিরে স্বস্তি; চোট কাটিয়ে অনুশীলনে ফিরছেন নেইমার
  • ০৯ জুন ২০২৬
আইসল্যান্ড ম্যাচের জন্য আর্জেন্টিনার শুরুর একাদশ চূড়ান্ত, থ…
  • ০৯ জুন ২০২৬
তিনটি বিদেশি পিস্তলসহ যুবক আটক, পরিচয় নিয়ে বিএনপি-জামায়াতের…
  • ০৯ জুন ২০২৬