‘আন্দোলনে যারা ছিল, তারাই হাট-ঘাট খাবে’: স্বেচ্ছাসেবক দল নেতার বক্তব্য ভাইরাল

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৩ AM
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন হোসেন

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন হোসেন © সংগৃহীত

‘আন্দোলনে যারা ছিল তারাই হাট-ঘাট খাবে। কেউ যদি টাকার গরমে বাজার ডেকেও আনে, ওই বাজারে ঢুকলে পিঠের চামড়া তুলে দেওয়া হবে।’ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন হোসেনের এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজারে ছাত্র ও নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে রিপন হোসেন এসব কথা বলেন। ওই সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপনকে বলতে শোনা যায়, ‘আন্দোলনে যারা ছিল তারাই হাট-ঘাট খাবে। সে যে দলেরই হোক, তার অধিকার আছে সে খাবে। আপনি খাবেন না? কারণ আপনি কোনো জায়গায় যাননি। আর যদি যান, তাদের প্রতিহত করে অধিকার আদায় করে নিবে।’

তিনি আরও বলেন, ‘এই বাজার খেকো যেসব দালালেরা আছেন, আপনারা খুব সহজেই এই ছেলেদের অধিকারের জায়গা দখল করবেন না। এই ক্ষুধার্ত ছেলেরা যদি বাজার-ঘাট না খেতে পারে, সরকার লিজ দিবে, এ সকল ছাত্ররা বাপের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এসে হলেও বাজার লিজ নেবে। আপনাদের বাদ দিয়ে এ সকল ছেলেরা খেতে চায়নি। আপনাদের সাথে করে রেখে খুব অল্প ইজারা দিয়ে এরা আপাতত জীবনটা বাঁচাবে।’

নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘টাকার গরমে কেউ বাজার ডেকে আনলে পিঠের চামড়া তুলে নেওয়া হবে। এইটার অধিকার তোমাদের খাওয়ার আছে, তোমরা খাবা। আমি তোমাদের সাথে আছি।’

এই বক্তব্যের দায় নিতে অস্বীকার করেছে জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দল। কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। টেন্ডারে যে ইজারা পাবে সেই ভোগ করবে। কেউ যদি এমন বক্তব্য দেয় তবে তা তার ব্যক্তিগত। দল এর দায় নেবে না। আমরা বিষয়টি দেখছি, অন্যায় করে থাকলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদও একই সুর মিলিয়ে বলেন, ‘হাট-ঘাট ভোগ করার অধিকার সবার আছে। রিপন হোসেনের বক্তব্য তার একান্তই ব্যক্তিগত মতামত।’

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, ‘আমি ভিডিওটি আংশিক দেখেছি। দায়িত্বশীল পদে থেকে এই ধরনের বক্তব্য দেওয়া ঠিক হয়নি। আমরা সবসময় দখলদারিত্বের বিরোধী এবং দলের চেয়ারম্যানের নির্দেশনা অনুসরণ করি। জেলা স্বেচ্ছাসেবক দলকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।’

ছয় মাসে ট্রাম্পের মিডিয়া কোম্পানির লোকসান ৬৪৪ মিলিয়ন ডলার
  • ১২ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫
  • ১২ আগস্ট ২০২৬
যুবদল নেতা পরিচয়ে ৫০% চাঁদা দাবির অভিযোগ, পুলিশের সামনেই ঠি…
  • ১২ আগস্ট ২০২৬
চাকরি হারালেন গোলাম রুহানী-বিপ্লব কুমার, প্রজ্ঞাপন জারি
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ, কারা আছেন?
  • ১২ আগস্ট ২০২৬
ওয়াশরুমের অস্বাস্থ্যকর পরিবেশে বিপাকে তিতুমীরের নারী শিক্ষা…
  • ১২ আগস্ট ২০২৬