আব্দুল কাদেরের ফেসবুক পোস্ট © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশ নিতে অনলাইনে রেজিস্ট্রেশন চলমান রয়েছে। এই আপ্রক্রিয়া চলবে আগামী সোমবার (৩০ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনবিষয়ক ওয়েবসাইট (https://convocation.du.ac.bd) ভিজিট করে আবেদন করতে হবে।
‘এখন পর্যন্ত সমাবর্তনে অংশ নিতে আবেদন করেছে সাড়ে আট হাজার। আর টাকা জমা দিয়েছে মাত্র ২ হাজার ৬০০ জন’— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী আব্দুল কাদের তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। তবে এ তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ আজ শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একটু আগে আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন সমাবর্তনে অংশ নিতে ৩৮ হাজারেরও বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এরমধ্যে ফি পরিশোধ করেছেন ১৮ হাজার শিক্ষার্থী। আমরা আশা করছি, ৪০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন এবার। এর থেকে কম-বেশি হতে পারে। সেভাবে আমাদের প্রস্তুতি চলছে।
অপরদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪ বছর পর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। এজন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি সবার সহযোগিতাও কামনা করছি। এখন পর্যন্ত সমাবর্তনে অংশ নিতে ৩৮ হাজারেরও বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এই সংখ্যাটি সন্তোষজনক। আরও বাড়বে সংখ্যা। আমরা ৪০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ আশা করছি।
তিনি আরও বলেন, সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক আতসুশি সুনামি। আমরা তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
এদিকে, আজ সন্ধ্যায় আব্দুল কাদের নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে লিখেন, এবারের সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০-৩৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা। আবেদনের সময় আছে আর মাত্র দুইদিন। এখন পর্যন্ত আবেদন করেছে সাড়ে আট হাজার কিন্তু টাকা জমা দিয়েছে মাত্র ২ হাজার ৬০০ জন! অধিকাংশ শিক্ষার্থী এই ভুতুড়ে ব্যয়ের সমাবর্তন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অনেকে আবার উদ্যোগ নিয়ে নিজেরা নিজেরা আয়োজন করছে।
তিনি আরও লেখেন, প্রশাসনের এই বিষয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নাই। তাছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার বন্দোবস্ত করছে। এখনো সময় আছে, একটি সুন্দর-অংশগ্রহণমূলক সমাবর্তনের আয়োজন করার। দরকার শুধু সদিচ্ছার।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭ মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন। আগামী সোমবার পর্যন্ত অনলাইনে মোট চারটি ধাপে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনকারীদের আগামী ৩০ নভেম্বরের (রাত ১১:৫৯ মিনিট) মধ্যে অবশ্যই প্রথম ধাপ সম্পন্ন করতে হবে। এরপর আগামী ২ ডিসেম্বর (বুধবার) রাত ১১:৫৯ মিনিটের মধ্যে অনলাইনে সমাবর্তনের পেমেন্ট সম্পন্ন করতে হবে।