নতুন বছরে তৈরি হোক নতুন অধ্যায়

৩০ ডিসেম্বর ২০২০, ০৯:২০ PM
শুভঙ্কর চন্দ্র দে, তানজিলা আক্তার লিজা, সাদিয়া আফরিন মৌরী, হাবিবুর রহমান ও খাদিজা খানম উর্মি (বাম থেকে)

শুভঙ্কর চন্দ্র দে, তানজিলা আক্তার লিজা, সাদিয়া আফরিন মৌরী, হাবিবুর রহমান ও খাদিজা খানম উর্মি (বাম থেকে) © সংগৃহীত

বিশ্বের বিষফোড়া করোনাভাইরাস। ব্যস্ত পৃথিবীকে হঠাৎ থমকে দিয়েছে এই মহামারি। তবুও থেমে নেই বেঁচে থাকার প্রয়োজনে ছুটে চলা। এরই মাঝে কালের গহ্বরে হারিয়ে গেল প্রাপ্তি-অপ্রাপ্তির আরো একটি বছর। তবে, অপ্রিয়, জঘন্য, অস্বস্তিকর কিছু বিষয়ের বিষক্রিয়ায় নীল হয়েছে পুরানো বছরটি। নতুন বছরে দীপ্ত আলোয় সব অন্ধকার যেন ঝলসে গিয়ে ঝলমল করে উঠে চারিদিক সেই কামনা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা। তাদের নতুন বছরের এই ভাবনাগুলোই তুলে ধরছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের রিপোর্টার তানভীর আহম্মেদ।

•

দেশের সবাই নতুনকে নতুন করে গ্রহণ করার সংকল্প নিয়েই শুরু করবে নতুন বছর এই প্রত্যাশা। ২০২০ এর করোনার করালগ্রাস যেন খুব দ্রুতই শেষ হয়ে যায় এটাই বড় চাওয়া। তার সাথে ২০২১ সাল হোক দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। অন্যায় - অত্যাচারমুক্ত, ধর্ষণমুক্ত একটি সোনার বাংলাদেশ। খবরের পাতায় যেন পড়তে না হয় কোনো মেয়ে লাঞ্ছনার শিকার হয়ে আত্মহত্যা করেছে এই কামনা করি। দেশবাসীর কাছে একটাই প্রার্থনা করোনা থেকে নিজে বাঁচতে ও অন্যকে বাঁচাতে মাস্ক পরুন, নিয়ম হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। সবার জীবন সুন্দর হোক, সার্থক হোক। শুভকামনা!

তানজিলা আক্তার লিজা
ফার্মেসি বিভাগ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

•

দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে শেষ হতে যাচ্ছে বছর। প্রাপ্তি-অপ্রাপ্তির দোলাচলে কালের আবর্তে মহাকালের গর্ভে হারিয়ে যাচ্ছে বিগত বছরটি। নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন পথ চলা, নতুন প্রত্যাশা। নতুন ভোর নিয়ে আসুক ২০২১, এই কামনা করি। মুছে যাক বিশ্বজুড়ে ব্যাধি। ফের হোক সুস্থতার কোলাহল। কালের গহ্বরে ঢুকে যাক প্রাণঘাতী করোনাভাইরাস। পৃথিবীতে কমে আসুক অস্ত্রের ঝনঝনানি, নতুন করে হোক মনুষত্ববোধের সূচনা। সর্বোপরি পৃথিবীটা হয়ে উঠুক মানুষের স্বর্গরাজ্য। প্রাণের ক্যাম্পাস কোলাহলে মেতে উঠুক তার চিরচেনা মুখগুলো নিয়ে। বিগত বছরের ভুলগুলো থেকে প্রাপ্ত শিক্ষা কাজে লাগিয়ে তৈরি হোক নতুন অধ্যায়। জীবনকে সাফল্যের দিকে নিয়ে যেতে আমাদের সবার নতুন বছরের পথচলা হোক মঙ্গলময়।

শুভঙ্কর চন্দ্র দে
৫ম সেমিস্টার
ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস
গণ বিশ্ববিদ্যালয়

•

২০২১ সাল হোক সুস্থ, সুন্দরে ভরা পরিপূর্ণ পৃথিবী। সবুজ, নির্মল পরিবেশের এক অনন্য নিদর্শন! ২০২০ সালের সব অপ্রাপ্তি, দুঃখ, কষ্ট, শোকের ছায়া যেন ২১ সালকে স্পর্শ না করে! আর যেন শুনতে না হয় মারামারি, হানাহানি, নির্যাতন, ধর্ষণ, অমানবিকতা, অমানুষিকতার কোনো খবর। সর্বোপরি মানুষের করোনা নিয়ে আতঙ্ক, ভয়, সব যেন জয় করে নেয় ২১ সাল!সব শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্রগুলো আবার সচল হয়ে যাক, ব্যস্ত শহর ছেয়ে যাক কর্মব্যস্ততায়।

ঘরবন্দী জীবন শেষে প্রাণচঞ্চল, ফুরফুরে মেজাজে ভরে উঠুক প্রতিটি অঙ্গন। পুরানো বছরের সকল অবসাদ আর অলসতা গ্রাস করে নিক নতুন সূর্যের তেজদীপ্ত আলো। পরিশেষে ২০২১ সালটা যেনো সকলের জন্য আশীর্বাদ বয়ে নিয়ো আসে।

সাদিয়া আফরিন মৌরী
প্রথম বর্ষ, আইন বিভাগ
সেশন: ২০১৯-২০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

•

নতুন বছরে সবার একটাই চাওয়া থাকে নতুনভাবে শুরু হবে সবকিছু। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। এই চাওয়াটা যেন পাওয়াতে রূপান্তরিত হয় এই কামনা করি। একজন বাংলাদেশি হিসেবে সুখী, স্বনির্ভর ও শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। যেখানে দুর্নীতি, ধর্ষণ, অনিয়ম আর ক্ষমতার অপব্যবহার থাকবে না। করোনায় গৃহবন্দী একঘেয়েমি জীবন থেকে বের হয়ে এসে আবারও ক্যাম্পাসের সবুজ ঘাসে হাঁটতে চাই। বন্ধু-বান্ধব, সহপাঠীদের সমারোহে প্রাণের মেলবন্ধনে মুখরিত হোক ক্যাম্পাস। অ্যাটেনডন্স, ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, ক্লাবগুলোতে সময় দেওয়া, কর্মব্যস্ততা, মার্কেট ট্রিপে বিকেলে শহরে যাওয়া এসবে পুনরায় ফিরে যাবো আমরা সেই প্রত্যাশা করি। সাংবাদিকতার মতো মহান পেশায় যেহেতু আছি সুতরাং যাবতীয় অন্যায় অনিয়মের বিরুদ্ধে কলম ধরে শিক্ষার্থীদের অধিকার,  প্রশাসনের জবাবদিহিতা, স্বচ্ছতা, শান্তিপূর্ণ ক্যাম্পাস ও সুখী  বাংলাদেশ গড়তে পারলে স্বপ্নের একুশ সালটি অর্থবহ হয়ে থাকবে।

হাবিবুর রহমান
চতুর্থ বর্ষ (দ্বিতীয় সেমিস্টার)
সেশন: ২০১৬-২০১৭
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ,
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

•

নতুন বছরে অন্য সবার মত আমারও চাওয়ার কমতি নেই। ২০২০ এর আগমনী বার্তা মোটেও শুভ ছিলোনা পৃথিবীর কাছে। ২০ সালকে পৃথিবীর পক্ষে বরণডালা সাজিয়ে বরণ করা সম্ভব না হলেও কোভিড-১৯ ঠিকই দুহাত মেলে বরণ করে নিয়েছিল। খেলার মাঠে নেই শিশুদের খলখলানি, মাস্কের আড়ালে আজ সবার হাসিটাও আড়াল,  স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো যেনো মৃত্যুপুরী। তাই নতুন বছরের আগমনী বার্তা জগতে হাসি ফিরিয়ে আনুক, সর্বপ্রথম এটাই কাম্য। অন্যদিকে, দিনকে দিন বাড়ছে যৌন নির্যাতন, বাড়ছে ধর্ম নিয়ে রেষারেষি আর দুর্নীতি। মাঝে মাঝে ভাবতেই আহত হই কি দরকার ছিলো ছয়দফা, ২১শে ফেব্রুয়ারি, স্বাধীনতা, কিংবা ১৬ ডিসেম্বরের? স্বাধীন রাষ্ট্রে নেই কোনো স্বাধীনতা, যোগ্যতার বিচারে নেই চাকরি, মেলে না অন্যায়ের বিচার। টাকার দাঁড়িপাল্লায় মাপা যায় সমস্তকিছু। এমনকি পবিত্র শিক্ষাঙ্গনগুলোও মুক্তি পায়নি দুর্নীতির করালগ্রাস থেকে। এ ছাড়াও, দিনকে দিন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও কমছে শিক্ষার মান যা জাতীয় উন্নতিতে অন্তরায়গুলোর অন্যতম কারণ। ঘরবন্দী থাকতে থাকতেই সময় হয়ে গেলো ২১ এর পাতা উল্টানোর। শুভ হোক নতুন বছরের আগমনী বার্তা। দিন বদলের সাক্ষী হোক নতুন বছর। সুন্দর মন ও সুস্থ মস্তিষ্কের জন্ম হোক প্রতিটি মানুষের মাঝে, দিনশেষে এটাই একান্তভাবে কাম্য।

খাদিজা খানম উর্মি
২য় বর্ষ, ইনফরমেশন সাইন্স এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬