স্থায়ী ঠিকানা না থাকায় জমি দান করলেন এক হিন্দু প্রতিবেশী © টিডিসি ফটো
চাকরি পাওয়ার পর ভেরিফিকেশনে বাবার নামে কোনো স্থায়ী সম্পত্তি না থাকায় বাদ পড়ার আশঙ্কায় ছিলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার এক মুসলিম তরুণ। পরিবার দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করায় চাকরির ভেরিফিকেশনে জটিলতা তৈরি হয়। বিষয়টি জানতে পেরে কোনো ধরনের বিনিময় ছাড়াই ওই তরুণকে এক শতক জমি দান করেছেন তার এক হিন্দু প্রতিবেশী।
রবিবার (৪ অক্টোবর) জমিদানের বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী উপজেলার সাব-রেজিস্ট্রার। তবে সরকারি বিধিমালা সম্পর্কে নিশ্চিত না হয়ে দাতা ও গ্রহীতার নাম এখনই প্রকাশ করতে চাননি তিনি।
জানা গেছে, সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভেরিফিকেশনের সময় ওই তরুণের বাবার নামে কোনো স্থাবর সম্পত্তি না থাকার বিষয়টি সামনে আসে। এ কারণে চাকরি পাওয়া নিয়ে শঙ্কায় পড়েন তিনি।
জুড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মহিউদ্দিন বলেন, ‘চাকরি পাওয়া এক মুসলিম ছেলের বাবার নামে কোনো স্থাবর সম্পত্তি না থাকাতে ভেরিফিকেশনে বাদ যাবেন—এমন ছেলেকে প্রতিবেশী হিন্দু ভদ্রলোক কোনো বিনিময় ছাড়াই এক শতক জমি দান করেছেন।’
তিনি আরও বলেন, ‘ছেলেটির পরিবার দীর্ঘদিন যাবৎ এখানে ভাড়া বাড়িতে আছেন। সমস্যার কথা জেনে প্রতিবেশী হিন্দু ভদ্রলোক স্বপ্রণোদিত হয়ে জমি দান করেছেন। এমনকি রেজিস্ট্রেশন খরচও তিনি দিয়েছেন।’
স্থানীয়রা বলছেন, চাকরির পথে একজন তরুণের সামনে তৈরি হওয়া বাধা দূর করতে ধর্মের ভেদাভেদ ভুলে প্রতিবেশীর পাশে দাঁড়ানোর এ ঘটনা সম্প্রীতি ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।