প্রেমের টানে ভারত থেকে বরিশালে তরুণ, ১৭ বছরের কিশোরীকে বিয়ে © সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানেই ভারতের গুজরাট থেকে বাংলাদেশের বরিশালে এসেছেন ২০ বছর বয়সী এক তরুণ। পরে পরিবারের উদ্যোগে বরিশালের গৌরনদী উপজেলার এক কিশোরীকে বিয়ে করেছেন তিনি। তবে ওই কিশোরীর বয়স ১৭ বছর হওয়ায় বিয়েটির আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভারতীয় ওই তরুণের নাম সোরঠিয়া ফাইজানশাহ ওরফে হামজা। তিনি ভারতের গুজরাট রাজ্যের অমরেলি জেলার রাজুলা এলাকার রেজওয়ান শাহর ছেলে। অন্যদিকে, কিশোরী মাহি আক্তার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের আব্দুল মালেক সিকদারের মেয়ে। সে স্থানীয় বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (২৫ নভেম্বর) মাহির পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টার একটি ফ্লাইটে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন ফাইজান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহির মা ও ছোট ভাই তাকে গ্রহণ করেন। পরে তাকে নিয়ে বরিশালের গৌরনদীতে গ্রামের বাড়িতে যান তারা।
পরদিন ২৩ নভেম্বর বরিশালের এক আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় একজন মৌলভীকেও ডাকা হয়। এরপর ফাইজানকে জামাতা হিসেবে নিজেদের বাড়িতে নিয়ে যায় মাহির পরিবার।
মাহি জানায়, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত তার বড় ভাইয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ফাইজানের সঙ্গে পরিচয় হয়। প্রায় দেড় বছর আগে শুরু হওয়া সেই পরিচয় একপর্যায়ে প্রেমের সম্পর্কে রূপ নেয়। তিন মাস আগে দুই পরিবার বিষয়টি জানতে পারে। পরিবারের পক্ষ থেকে একাধিকবার নিষেধ করা হলেও তাদের যোগাযোগ বন্ধ হয়নি। পরে বিয়ের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন ফাইজান।
মাহি আরও জানায়, প্রেমিকের সঙ্গে কথা বলার পাশাপাশি সিনেমা দেখে গত এক বছরে হিন্দি ভাষা শিখেছে সে। ফলে তাদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে এখন আর ভাষাগত সমস্যা হয় না। ফাইজান বাংলাদেশে থেকে যেতে চান বলেও জানায় মাহি।
ফাইজান জানান, তার বাবা ভারতের রাজুলা এলাকায় পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তাদের সম্পর্কের বিষয়টি তার পরিবার স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। ছয় মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন তিনি। বাকি জীবন স্ত্রীর সঙ্গে বাংলাদেশেই কাটানোর ইচ্ছা রয়েছে তার।
মাহির মা শামীমা আক্তার বলেন, মেয়েকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও কোনো ফল হয়নি। একপর্যায়ে উপায় না দেখে ভারতীয় তরুণের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন তারা।
এদিকে, ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বিএনপি নেতা রাসেল বলেন, একজন ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে বিয়ে করে স্থায়ীভাবে থেকে যেতে চাইছেন—বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি জানার পর ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিকের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য থানায় জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, স্থানীয় গ্রামপুলিশের মাধ্যমে বিষয়টি তিনি জেনেছেন। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সী মেয়েকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা হয়। সে হিসাবে মাহির বয়স ১৭ বছর হওয়ায় এ বিয়ে বাল্যবিবাহের আওতায় পড়ে কি না, তা যাচাইয়ের বিষয় রয়েছে। এ ছাড়া শুধু নোটারি পাবলিকের মাধ্যমে সম্পন্ন করা আনুষ্ঠানিকতার আইনগত কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে।