পুড়ে যাওয়া বাস © সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করা একটি বাস আগুনে পুড়ে গেছে। এ আগুনে পাশের দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরাও পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে রামগঞ্জ বাস স্ট্যান্ডের রেস্ট হাউসের সামনে পার্কিং করা বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত বাসটির মালিক স্থানীয় কাজিরখিল চৌকিদার বাড়ির আমজাদ হোসেন। রাতে চালক মমিন হোসেন বাসটি ঘটনাস্থলে পার্কিং করে রেখে যান। ঘটনার সময় চালক গাড়িতে ছিলেন না। তবে বাসটির হেলপার হেলাল প্রতিদিনের মতো রাতেও গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে তিনি ফজরের নামাজের জন্য মসজিদে যান। সেখান থেকে ফিরে এসে তিনি বাসে আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসমালিক আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে বাসটি পুড়ে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে পাশের রাজু অটোর সামনে থাকা সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে যায়।
দোকান মালিক ইউছুফ আলী বাবু জানান, বাসটি এখানে রাখতে নিষেধ করা হলেও চালক তা শোনেনি। অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই বাসটি পুড়ে যায়। বাসের একটি সিটের ওপর কয়েল দেখতে পাওয়া গেছে। এতে প্রাথমিকভাবে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আগুনের ঘটনা তদন্ত করা হচ্ছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।