প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার সকাল ৬টা থেকে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত দিল্লিতে লকডাউন বলবৎ থাকবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য লকডাউন করে দেয়া হয়। এছাড়া দেশটির ৭৫টি জেলা লকডাউন করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় জানিয়েছে, করোনা মোকাবিলার রণনীতি ঠিক করতে রবিবার ক্যাবিনেট সেক্রেটারি ও প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে বৈঠক করেন সব রাজ্যের মুখ্যসচিবরা। এর পরেই লকডাউনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারণে জরুরি ভিত্তিতে অত্যাবশ্যকীয় নয় এমন যানচলাচল ও আন্তঃরাজ্য বাস পরিষেবা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। আলোচনায় রাজ্য সরকারগুলিকে যথাযথ নির্দেশিকা জারি করতে বলা হয়েছে।যে ৭৫টি জেলায় কোভিড-১৯ ধরা পড়েছে, সেখানে শুধু জরুরি পরিষেবায় অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।’
করোনাভাইরাস মোকাবিলায় লকডাউন করা হয়েছে পশ্চিমবঙ্গেও। বন্ধ থাকবে সব পাবলিক ট্রান্সপোর্ট। জরুরি পরিষেবা ছাড়া সব অফিস, দোকানপাট বন্ধ থাকবে। রবিবার এই নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। যাঁরা এই নির্দেশিকা মানবেন না, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।