বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত © সংগৃহীত
বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বহুতল ভবন থেকে পড়ে মো. নাজমুল হক নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে আদালত ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুল হক নগরীর কাশীপুর এলাকার এনামুল হকের ছেলে। তিনি বরিশাল সরকারি মহিলা কলেজে ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আদালত ভবনের নিচে বিকট শব্দ শুনে লোকজন ছুটে গিয়ে নাজমুলকে পড়ে থাকতে দেখেন। তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল কোর্ট পুলিশের ইন্সপেক্টর তারক বিশ্বাস বলেন, আদালত ভবনের নিচে একজন পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নাজমুল কী কারণে আদালত ভবনে গিয়েছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি কীভাবে ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে গেলেন, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে—এ বিষয়ে পুলিশ এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুলের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রীর করা একটি মামলা রয়েছে। তবে ওই মামলার সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।