প্রানঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে কুয়েতে মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মসজিদগুলো থেকেও ঘরে বসেই নামাজ আদায়ের জন্য আহ্বান জানানো হয়েছে।- খবর গালফ নিউজ
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে এরইমধ্যে শতাধিক ব্যক্তি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশটির আওকাফ অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় শুক্রবারের জুমার নামাজসহ সব ধরনের জামাতে নামাজ আদায় স্থগিত করেছে।
দেশটির মুয়াজ্জিনরা আযানে কিছুটা পরিবর্তন এনেছেন জানিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ‘হায়া আলা আল-সালাহ’ (নামাজের জন্য এসো) এর জায়গায় ‘আল সালাতু ফি বুয়ুতিকুম’ (ঘরে নামাজ আদায় কর) বলছেন তারা। জামাতে নামাজ আদায়ে নিষেধাজ্ঞার পরেও মুয়াজ্জিনরা মসজিদের মাইকে ঘরে নামাজ আদায়ের আহ্বান জানিয়ে যাবেন।
এই আযানের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলেও গালফ নিউজ জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, কুয়েতই একমাত্র আরব দেশ নয় যারা নভেল করোনাভাইরাসের কারণে জামাতে নামাজ আদায় নিষ্দ্ধি করেছে। এর আগে ইরাক ও ইরানে শুক্রবারের জামাত নিষিদ্ধ করা হয়। সৌদি আরবে এখনও জামাতে নামাজ পড়া চললেও অনেক সতর্কমূলক ব্যবস্থা মেনে চলতে হচ্ছে।
তিউনিসিয়ায়ও মসজিদে নামাজ আদায় বন্ধ করা হচ্ছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে। তিউনিসিয়ার প্রধানমন্ত্রী এলিস ফাখফাখ এই ঘোষণার পাশাপাশি প্রতিদিন বিকাল ৪টার মধ্যে ক্যাফে বন্ধ এবং সব ধরনের সাংস্কৃতিক, ক্রীড়া ও অর্থনৈতিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়েছেন।
বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস প্রতিরোধে সব সমুদ্রবন্দর বন্ধ এবং ইতালির সব ফ্লাইট বাতিলের পাশাপাশি মিশর, জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের ফ্লাইট সীমিত করেছে তিউনিসিয়া। দেশটিতে এখন পর্যন্ত ১৬ জনের করোনাভাইরাস ধরা পড়েছে, যাদের অধিকাংশই সম্প্রতি ইউরোপ থেকে ফিরেছেন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছেই। আজ শনিবার পর্যন্ত পাঁচ হাজার ৪৩৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৬৪৮। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৫৩২ জন।