জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ প্রতিবেদক ফরিদা শহীদ © সংগৃহীত
২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দলবদ্ধ হামলা বা মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে বাংলাদেশে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ প্রতিবেদক ফরিদা শহীদ। আগামী ২৩ নভেম্বর সরকারের আমন্ত্রণে তিনি ঢাকায় আসবেন। ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি।
মবের শিকার শিক্ষকদের সংগঠন ‘পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষক জোট’ এ তথ্য জানিয়েছে। সংগঠনটির হিসাবে, বেপরোয়া মবের হাতে প্রায় সাড়ে চার হাজার শিক্ষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সংগঠনটির দাবি, ক্ষতিগ্রস্ত শিক্ষকদের মধ্যে অন্তত আটজন শারীরিক ও মানসিক আঘাতের পর মারা গেছেন। পাঁচ শতাধিক শিক্ষক আহত বা অসুস্থ হয়েছেন। এ ছাড়া ৯৪০ জন শিক্ষক এখনো বেতন-ভাতা পাচ্ছেন না। সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, মবের শিকার শিক্ষকদের বেশির ভাগই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক।
জাতিসংঘের ফরিদা শহীদ সফরকালে মবের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন। এ ধরনের ঘটনায় মারা যাওয়া শিক্ষকদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলবেন তিনি। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর ঢাকা কার্যালয় তাকে এ কাজে সহায়তা করবে।
বাংলাদেশে অবস্থানকালে দেশের সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও আজীবন শিক্ষার অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান ভালো উদ্যোগ ও চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করবেন ফরিদা শহীদ। বৈষম্য ছাড়াই মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকার এবং শিক্ষা খাতে অর্থায়নের বিষয়গুলোও তাঁর সফরে গুরুত্ব পাবে।
সফরকালে সরকারের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ, বেসরকারি সংস্থা, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষক ও অন্যান্য শিক্ষা-সংশ্লিষ্ট কর্মী, শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের এই কর্মকর্তা।