© ইন্ডিয়া টাইমস
চীন থেকে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে তটস্থ গোটা বিশ্ব। এ পর্যন্ত ৯০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে। মৃত্যু হয়েছে তিন হাজার ১১৫জেনর। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে নাকানিচুবানি খাচ্ছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা।
তবে এ ভাইরাস থেকে মুক্তি পথ বাতলে দিলেন ভারতের ক্ষমতাসীন বিজেপির এক সংসদ সদস্য। করোনার চিকিৎসায় অদ্ভূত পরামর্শ দিয়েছেন তিনি। তার দাবি, গো-মূত্র ও গোবর ব্যবহার করলে সেরে যাবে করোনা ভাইরাস।
সোমবার (২ মার্চ) আসামের পার্লামেন্ট অধিবেশনে এসব কথা বলেন বিজেপির নারী সংসদ সদস্য সুমন হরিপ্রিয়া। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি, ইন্ডিয়া টাইমসসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করেছে।
আসামের পার্লামেন্টে বাজেট অধিবেশন চলাকালে গরু পাচার সংক্রান্ত ভাষণে সুমন হরিপ্রিয়া বলেন, ‘ক্যান্সারের মতো চিকিৎসায় গো-মূত্র ও গোবর উপকারী। কোনো জায়গা পবিত্র করতে গো-মূত্র ছিটিয়ে দেওয়া হয়। আমি মনে করি, করোনা সারাতে গো-মূত্র ও গোবর দিয়ে একটা কিছু করা সম্ভব।’
এসময় বাংলাদেশে গরু পাচার নিয়ে তিনি বলেন, ‘আসাম থেকে পাচার হওয়া গরু দিয়ে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে। গরুর মাংস রফতানিতে সারা বিশ্বে তারা দ্বিতীয়। সব গরুই আমাদের।’ এর আগের কংগ্রেস সরকার পাচার ঠেকাতে কোনো কাজই করেনি বলেও দাবি করেন তিনি।