সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ জিতেছে ১৬৯ রানের ব্যবধানে। এই জয়ে বাংলাদেশ ভেঙেছে তাদের অতিত রেকর্ড। এর আগে এত বড় ব্যবধানে কখনোই জয় পায়নি টাইগাররা। দেশের ৩৪ বছরের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড।
২০১৮ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল মাশরাফি বিন মর্তুজার দল। এর আগে এটিই ছিল টাইগারদের সব থেকে বড় জয়। তবে আজ এই রেকর্ড নতুন করে লেখা হল।
ইনিংসের শুরুতেই এই রেকর্ডের অভাস পাওয়া গিয়েছিল । লিটন দাসের ঝকঝকে সেঞ্চুরি (১০৫ বলে ১২৬*), মোহাম্মদ মিঠুনের হাফসেঞ্চুরি (৪১ বলে ৫০) আর মোহাম্মদ সাইফউদ্দিনের ঝড়ো ক্যামিওতে (১৫ বলে ২৮*) বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩২১ রান। যা কি না ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।
ব্যাটসম্যানরা নিজেদের কাজটা করে বল ঠেলে দেয় বোলারদের কোর্টে। ব্যাটিংয়ের ঝড়ো ইনিংসের রেশটা বল হাতেও চলমান রাখেন সাইফউদ্দিন। নতুন বলে পাঁচ ওভারের স্পেলে মাত্র ৬ রান খরচায় নেন ২ উইকেট। যা এনে দেয় উড়ন্ত সূচনা। সেটি ধরে জিম্বাবুয়েকে মাত্র ১৫২ রানে অলআউট করতে কোনো ভুল করেননি মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমানরা। বাংলাদেশ জয় পায় ১৬৯ রানে।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বড় জয়
ব্যবধান ১৬৯ রান - বনাম জিম্বাবুয়ে (২০২০)
ব্যবধান ১৬৩ রান - বনাম শ্রীলঙ্কা (২০১৮)
ব্যবধান ১৬০ রান - বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০১২)
ব্যবধান ১৪৬ রান - বনাম স্কটল্যান্ড (২০০৬)
ব্যবধান ১৪৫ রান - বনাম জিম্বাবুয়ে (২০১৫)