প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো
ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার (২৭ ডিসেম্বর) মালদ্বীপ থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন।
রবিবার (২৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট আগামীকাল (সোমবার) বেলা ১৩টায় (স্থানীয় সময়) ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।’
আরও পড়ুন: শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর
ফ্লাইটটির ঢাকার স্থানীয় সময় আগামীকাল সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে।
এর আগে গত ২২ ডিসেম্বর মালদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ ডিসেম্বর তাঁর সফরের দ্বিতীয় দিনে, যোগ্য স্বাস্থ্য পেশাদারদের নিয়োগ এবং যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুটি সমঝোতা স্মারক এবং দ্বৈত আয়কর বিলোপের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এ ছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিয়েছে।
আরও পড়ুন: ছাত্রলীগের ককর্মসূচিতে না যাওয়ায় আবারও ঢাবি শিক্ষার্থীকে মারধর
দ্বিপক্ষীয় আলোচনা এবং উপকরণ হস্তান্তর অনুষ্ঠানের পর একটি যৌথ ইশতেহার ঘোষণা করা হয়।
সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ, ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পিপলস মজলিসের স্পিকার (জাতীয় সংসদ) মোহাম্মদ নাশিদ এবং প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম আদনানের সঙ্গে পৃথক বৈঠক করেন।
২৩ ডিসেম্বর বিকেলে মালদ্বীপের সংসদে ভাষণ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা তাঁর সম্মানে মালদ্বীপের রাষ্ট্রপতি ও দেশটির ফার্স্ট লেডি আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেন। ২৪ ডিসেম্বর তিনি মালে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া একটি সংবর্ধনায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।