অর্থ সংকটের সংসারে সন্তানের শিক্ষার কথা মাথায়ই নেই অনেক অভিভাবকের

০৫ সেপ্টেম্বর ২০২১, ১০:০৬ AM
শিশুশ্রম

শিশুশ্রম © ফাইল ছবি

করোনায় সবথেকে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে শিক্ষাঙ্গন। রীতিমতো হুমকির মুখে দাঁড়িয়েছে এখন। শিক্ষার্থীদের লম্বা সময়ের প্রতীক্ষা তাদের দূরে সরিয়ে দিয়েছে শিক্ষা থেকে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে আজ রোববার সরকারের পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশনা আসতে যাচ্ছে। কিন্তু দীর্ঘ সময় শিক্ষাঙ্গন বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী স্থায়ীভাবে ঝড়ে পড়েছে।

ধার করে অর্থ সংকটে চলা সংসারে সন্তানদের শিক্ষার ব্যাপারটি মাথায়ই নেই অনেক অভিভাবকের।  এসব দরিদ্র পরিবারের অনেক সন্তান শিশুশ্রমে যুক্ত হয়েছে, যারা আর স্কুলে না-ও ফিরতে পারে আবার অনেকের বিয়ে হয়ে গেছে।

ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যাটা কত হবে তার ধারণা না মিললেও কিন্ডারগার্টেন আর বেসরকারি স্কুল-কলেজের শিক্ষার্থীদেরই শিক্ষাঙ্গনমুখী না হওয়ার শঙ্কা বেশি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শিক্ষার্থীদের এই ঝরে পড়া রোধ করাটাই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিবছর প্রাথমিক শিক্ষা শেষ করার আগে প্রায় ১৭ শতাংশ ও মাধ্যমিক শিক্ষা শেষের আগে প্রায় ৩৭ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ে। এর পেছনে অন্যতম কারণ দারিদ্র্য ও বাল্যবিয়ে। বিশেষ করে শহরের বস্তি এবং চর ও হাওর অঞ্চলের শিশুরাই বেশি স্কুলের পথ ভুলতে থাকে। করোনার কারণে এসব পরিবারে দারিদ্র্য আগের চেয়ে বেড়েছে। এ ছাড়া নতুন নতুন পরিবারও দরিদ্র হয়েছে। ফলে ঝরে পড়ার হার আরো বাড়বে।

গেল জানুয়ারিতে প্রকাশিত বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) প্রকাশিত এক জরিপে বলা হয়, করোনা পরিস্থিতির আগে দেশে দারিদ্র্যের হার ছিল ২০.৫ শতাংশ। তবে করোনাকালে এই হার বেড়ে হয়েছে ৪২ শতাংশ। সবচেয়ে বেশি বেড়েছে অতি দারিদ্র্য। তিন গুণ বেড়ে এটি এখন হয়েছে ২৮.৫ শতাংশ। গত ২ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত জরিপটি চালানো হয়। দরিদ্রতার মুখোমুখি ৫৬ শতাংশ পরিবার দাবি করেছে, করোনার সময় তাদের আয় কমেছে। ধার করে, সঞ্চয় ভেঙে এবং খাদ্য ব্যয় কমিয়ে এই সংকট মোকাবেলা করেছে তারা।

গেল জানুয়ারিতে প্রকাশিত এডুকেশন ওয়াচের অন্তর্বর্তীকালীন প্রতিবেদন ২০২১-এ ঝরে পড়ার ব্যাপারে উদ্বেগজনক তথ্য মেলে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকের ৩৮ শতাংশ শিক্ষক মনে করেন, বিদ্যালয় খুলে দেওয়ার পরও শিক্ষার্থীদের উপস্থিতি কমে যেতে পারে। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর আমরা বুঝতে পারব, কোনো শিক্ষার্থী ঝরে পড়ল কি না? দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের আমরা উপবৃত্তি দিচ্ছি, যা করোনার সময়ও চলমান আছে। সেখানে একটা শর্তই আছে, নিয়মিত স্কুলে আসতে হবে। তাই স্কুল খোলার পর কোনো শিক্ষার্থী না এলে আমরা সহজেই বের করতে পারব। এ ছাড়া প্রত্যেক স্কুল থেকেই তার সব শিক্ষার্থীকে ক্লোজ মনিটরিং করা হবে। নিয়মিত এসংক্রান্ত রিপোর্ট আমাদের পাঠাতে হবে। ফলে আমরা ঝরে পড়ার কারণ খুঁজে বের করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারব।’

তবে ঝরে পড়ার উদাহরণ রয়েছে সাম্প্রতিক সময়ের সরকারি তথ্যেও। প্রতিবছর সরকারি-বেসরকারি শিক্ষার্থীর সংখ্যা হিসাব করেই প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত বিনা মূল্যের বই ছাপানো হয়। চলতি শিক্ষাবর্ষে সরকার ৩৫ কোটি ৯৩ লাখ পাঠ্য বই ছেপে বিতরণ করেছে। তবে আগামী শিক্ষাবর্ষে ৩৫ কোটি ১৬ লাখ ১৯ হাজার ৩১৩ কপি বই ছাপার লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সেই হিসাবে ২০২২ শিক্ষাবর্ষে পাঠ্য বই কমছে ৭৭ লাখের বেশি।

গেল মার্চে প্রকাশিত মানুষের জন্য ফাউন্ডেশনের এক জরিপে দেখা যায়, করোনাকালে গত বছর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সাত মাসে দেশের ২১ জেলার ৮৪ উপজেলায় ১৩ হাজার ৮৮৬টি বাল্যবিয়ে হয়েছে। বাল্যবিয়ের শিকার ৫০.৬ শতাংশের বিয়ে হয়েছে ১৬ থেকে ১৭ বছর বয়সে। ৪৭.৭ শতাংশের বিয়ে হয়েছে ১৩ থেকে ১৫ বছর বয়সে। আর ১.৭ শতাংশের বিয়ে হয়েছে ১০ থেকে ১২ বছর বয়সে। জরিপে অংশগ্রহণকারী ৭৭.৯ শতাংশ ছেলে-মেয়ে দেশে প্রচলিত বিয়ের বয়স সম্পর্কে ওয়াকিবহাল। তবে ৩০ শতাংশ উত্তরদাতা বলেছেন, দারিদ্র্য এবং কঠিন জীবন ধারণের কারণে  তারা মেয়ের বিয়ে দিয়েছেন।

বাল্যবিয়ের ফলে শিক্ষার্থী ঝরে পড়ার অন্যতম উদাহরণ যশোরের মণিরামপুরের পাড়িয়ালি বালিকা মাদরাসা। করোনা সংক্রমণে সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে গত বছরের ১৭ মার্চ থেকে এই মাদরাসাটিও বন্ধ হয়ে যায়। প্রায় আট মাস পর যখন অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য মাদরাসা খোলা হয়, তখন জানা যায় এ সময় ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২০ জন ছাত্রীর বিয়ে হয়ে গেছে। তবে এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দেড় বছর পার হয়েছে। বেসরকারি সংস্থাগুলো বলছে, এরই মধ্যে করোনাকালে দেশে বাল্যবিয়ে অস্বাভাবিক হারে বেড়েছে।

গেল বছরের অক্টোবরে জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) এক প্রতিবেদনে বলা হয়, বাল্যবিয়েতে বিশ্বে শীর্ষ ১০টি দেশের মধ্যে বাংলাদেশ অষ্টম অবস্থানে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে। দেশে বাল্যবিয়েতে শীর্ষে ঢাকা বিভাগ। জেলার মধ্যে শীর্ষে চাঁপাইনবাবগঞ্জ। সবচেয়ে কম বাল্যবিয়ে ছিল চট্টগ্রাম বিভাগে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘করোনার মধ্যেও আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কিছুটা বেড়েছে। তবে সমস্যা হতে পারে বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনে। তবে কোনো শিক্ষার্থী যাতে ঝরে না পড়ে সে জন্য আমরা সরকারি প্রাথমিকে ভর্তি উন্মুক্ত করে দিয়েছি। আমাদের উপবৃত্তি ও মিড ডে মিল চালু আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়া শিক্ষার্থীদের দরিদ্র পরিবারও যাতে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সাপোর্ট পায় সে ব্যাপারে আমাদের শিক্ষকরা সহায়তা করবেন।’

ট্যাগ: করোনা
মাইন অপসারণে হরমুজ প্রণালিতে ‘সি রোবট’ মোতায়েন করল যুক্তরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
কার্টুন শেয়ার করায় গ্রেপ্তার করা হবে, আমরা কল্পনাও করতে পার…
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৪
  • ১৯ এপ্রিল ২০২৬
এক মাসেই ১২ কেজির এলপিজির দাম দুই দফায় বেড়ে ৫৯৯ টাকা
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, আহত ৭
  • ১৯ এপ্রিল ২০২৬
বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক আলী রেজা ফারুক
  • ১৯ এপ্রিল ২০২৬