রাজশাহীতে ছাত্র-শিক্ষক-নাগরিক সমাবেশ অনুষ্ঠিত © টিডিসি ফটো
অবিলম্বে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ও শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পুলিশি বাঁধা এবং পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ছাত্র-শিক্ষক-নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি বাধা এবং পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীদের হামলার তীব্র প্রতিবাদ জানান।
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী জান্নাতুল সাবিরার সঞ্চালনায় ও ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখায়েরুল আলম মাসুদ, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসলাম উদ দৌলা, গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলার সমন্বয়ক মুরাদ মোর্শেদ, রাকসু আন্দোলন মঞ্চের আহবায়ক আব্দুল মজিদ অন্তর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলন, নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাদিম সিনা, শিরোইল কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গতকাল (বুধবার) রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে একদল সরকারদলীয় কর্মী শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা চালিয়েছে। পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। অথচ পত্রপত্রিকায় হামলাকারীদের ছবি ভেসে বেড়াচ্ছে। কিন্তু প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া ও সসন্ত্রাসীদের গ্রেফতার করছে না। উল্টো পুলিশ হামলাকারীদের পক্ষে কথা বলছে।