ফিল্ড হাসপাতাল © ফাইল ফটো
করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকারে বৃদ্ধি পাওয়ায় রাজধানীতে পাঁচটি ফিল্ড হাসপাতাল করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া।
শুক্রবার (৯ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের কনভেশন সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
লোকমান হোসেন বলেন, করোনাআক্রান্ত রোগীর সেবা নিশ্চিতে আমরা সরকারির পাশাপাশি বেসরকারি পর্যায়ে অনেক শয্যা বৃদ্ধি করেছি। ঢাকার বেসরকারি ১০টি হাসপাতালে এক হাজার ৫০১টি শয্যা বাড়ানো হয়েছে। ঢাকার ডিএসসিসি মার্কেটে সবচেয়ে বড় করোনা হাসপতাল তৈরি করা হয়েছে। এখানে আইসিইউ ১২০০ শয্যা রাখা হয়েছে। ফিল্ড হাসপাতাল আমরা বড় আকারে শুরু করব। শুরু হলেই আপনার দেখতে পারবেন। আশা করি স্বল্প সময়ের মধ্যে এই হাসপাতালগুলো চালু হবে।
তিনি বলেন, এই মুহূর্তে আমাদের আইসিইউ সংকট নেই। রাজধানীতে আমাদের যে কভিড ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলো রয়েছে, অধিকাংশতেই পর্যাপ্ত আইসিইউ রয়েছে। আমাদের ডিএনসিসি তো দেশের সবচেয়ে বড় কভিড ডেডিকেটেড হাসপাতাল, এখানে সর্বোচ্চ সংখ্যক আইসিইউ রয়েছে।