ঈদ শান্তি-সহমর্মিতা-ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী

১৩ মে ২০২১, ০৭:০৭ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

করোনাভাইরাসের এই মহামারিতে অনুরোধ যথাসম্ভব গণজমায়েত এড়িয়ে পরিবার-পরিজন নিয়ে দেশবাসীকে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

প্রধানমন্ত্রী বলেন, ঈদ শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।

তিনি আরও বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যক্তি লাভ করুক-এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক-আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।

মাহে রমজান শেষে করোনার মধ্যে এসেছে পবিত্র ঈদুল ফিতর। প্রধানমন্ত্রী বলেন, অস্বাভাবিক পরিবেশে আমরা ঈদুল ফিতর উদযাপন করছি। করোনাভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এক অদৃশ্য ভাইরাস মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা বাধ্য হচ্ছি নিজ নিজ অবস্থানে ধৈর্য সহকারে অবস্থান করতে যাতে অপরকে সংক্রমিত না করি বা নিজে সংক্রমিত না হই।

এই বিপদের সময় আমাদের স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, পরিচ্ছন্নতাকর্মীসহ যারা জীবন বাজি রেখে মানুষের সেবা করে যাচ্ছেন তাদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ্ বিপদে মানুষের ধৈর্য পরীক্ষা করেন। শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্ব আজ বিপদগ্রস্ত। এ সময় সকলকে অসীম ধৈর্য নিয়ে সহনশীল ও সহানুভূতিশীল মনে একে অপরকে সাহায্য করে যেতে হবে। পাশাপাশি আমি আল্লাহ্ তা’য়ালার দরবারে বিশেষ দোয়া করি যেন এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close