করোনাকালে চাকরি হারিয়ে ইমামের আত্মহত্যা

২৭ এপ্রিল ২০২১, ১০:০৩ PM
মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী

মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী © সংগৃহীত

করোনাকালে চাকরি হারিয়ে হতাশা থেকে আত্মহত্যা করেছেন মসজিদের এক ইমাম। ওই ইমামের নাম হাফেজ মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী (৪২)। সম্প্রতি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় এই ঘটনা ঘটে।

মাওলানা আব্দুর রহিম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা গ্রামের বাসিন্দা। দীর্ঘ ১৫ বছর যাবত গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া পশ্চিমপাড়া জামে মসজিদের ইমামের দায়িত্ব পালন করছিলেন। অসুস্থতার অজুহাত দেখিয়ে রমজানের কয়েক দিন আগে তাকে চাকরিচ্যুত করে মসজিদ কমিটি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এ মসজিদের ইমামের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী। একটা সময়ে এ মসজিদটি ভাঙাচুরা টিনশেড ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ একতলা দালান। মসজিদটির আধুনিকায়নের পেছনে অক্লান্ত পরিশ্রম ছিল ইমামের। তবে তিনি অ্যাজমা রোগী ছিলেন।

শবেবরাতের কয়েক দিন আগে তার শ্বাসকষ্ট বাড়লে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় মসজিদ কমিটি। চিকিৎসা নিতে বাড়িতে গেলে তাকে জানানো হয় তার চাকরি চলে গেছে তার বদলে অন্য ইমামকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ রকম অবস্থায় মসজিদে ফিরে আসার জন্য একাধিক ব্যক্তিকে অনুরোধ করেন হাফেজ মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী। তবে মসজিদে ফেরার সকল পথ বন্ধ জেনে নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন ওই ইমাম।

এদিকে গত কয়েক দিন ধরে হাফেজ মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় পথচারী মুসল্লিরা নামাজ পড়েন এমন একটি জায়গায় থাকা শুরু করেন তিনি। এরই মধ্যে রোববার রাতে সেখানে ফাঁসিতে ঝুলতে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। চাকরি হারিয়ে হতাশা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে অনুমান স্থানীয়দের।

মসজিদ কমিটির সভাপতি রাজা মোল্লা বলেন, হুজুরের শ্বাসকষ্ট বাড়ায় শবেবরাতের আগে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। মুসল্লিদের সঙ্গে কথা বলে নতুন ইমাম ঠিক করেন তারা এবং ওই ইমামকে আর ফেরার দরকার নেই বলে জানিয়ে দেওয়া হয়। তার যাবতীয় পাওনাদি বিকাশের মাধ্যমে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বলে জানান তিনি। তবে তিনি কী কারণে আত্মহত্যা করলেন এ বিষয়ে কোনো কিছু জানা নেই তার।

বিষয়টি সম্পর্কে জানতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ফাঁসিতে ঝুলানো অবস্থায় একটি লাশ উদ্ধার করেছেন। লাশটি ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬
নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬