সন্তানসহ শাকিব ও শিশির দম্পতি © ফাইল ফটো
দুটি কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তান এসেছে সাকিব-শিশিরের সংসারে। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেয় তাদের ফুটফুটে ছেলে। ছোট ভাইয়ের আগমনে ভীষণ আনন্দিত সাকিবের দুই মেয়ে আলাইনা ও ইরাম। আর পারিবারিক এই আনন্দ সবার সাথে ভাগ করে নিতে ভক্তদের উদ্দেশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব।
মঙ্গলবার নিজ ভেরিফাইড ফেসবুক পেইজের স্ট্যাটাসটিতে তিনি লিখেছেন, ‘সর্বশক্তিমান আল্লাহর অশেষ রহমতে সোমবার ১৫ মার্চ, ২০২১ তারিখে আমাদের একটি পুত্র সন্তান হয়েছে। আলাইনা ও ইরাম তাদের ছোট ভাইকে পেয়ে ভীষণ আনন্দিত। শিশির ও আমাদের সন্তান দু’জনই সুস্থ ও প্রাণবন্ত রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের অগণিত দোয়া ও শুভেচ্ছার জন্য। আমাদের সকলের জন্য এভাবেই দোয়া করার অনুরোধ রইলো।
সবার জন্য ভালোবাসা, সাকিব।’
উল্লেখ্য, ২০১২ সালে উম্মে আল হাসান শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৬ সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম হয়।
এরপর গত বছরের এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি। দ্বিতীয় কন্যার নাম রাখেন ইরাম হাসান। দুটি সন্তানই জন্ম নেয় যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার (১৬ মার্চ) জন্ম নেওয়া তৃতীয় সন্তানটিও সেখানেই জন্মগ্রহণ করেছে।