জানাজা নামাজ আদায়ের দৃশ্য ও এ টি এম শামসুজ্জামান © ফাইল ফটো
একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেতা এ টি এম শামসুজ্জামানের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রাজধানীর নারিন্দার পীর সাহেব বাড়ি মসজিদে আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) বাদ জোহর সম্পন্ন হয় তাঁর জানাজা।
প্রথম জানাজা শেষে এ টি এম শামসুজ্জামানের মরদেহ সূত্রাপুরে কমিউনিটি সেন্টারে সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছে। সূত্রাপুর জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হবে কিংবদন্তি এ অভিনেতাকে।
প্রসঙ্গত, শনিবার সকাল ৯টা ৬ মিনিটে রাজধানীর সূত্রাপুরে অবস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই অভিনেতা।
১৯৬৫ সালে অভিনেতা হিসেবে চলচ্চিত্র আগমন ঘটে এ টি এম শামসুজ্জামানের। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের 'নয়নমণি' সিনেমায় খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। আজও দর্শকের কাছে নন্দিত এই প্রবীণ অভিনেতা।