নুরের সমর্থকদের সঙ্গে ছাত্রলীগের হাতাহাতি, আহত ১০

১৬ ডিসেম্বর ২০২০, ০২:০৫ PM

© ফাইল ফটো

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের সমর্থকদের সঙ্গে ছাত্রলীগের হাতাহাতি ও ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতারা।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলা শহরের ফারুকী পার্কের স্মৃতিসৌধ এলাকায় এ ঘটনা ঘটে। পরে নেতাকর্মীদের হাতে থাকা জাতীয় পতাকা ছিনিয়ে এনে মিছিল করেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

জানা গেছে, সকালে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে নুরের সমর্থকরা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যান। এ সময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে তাদেরকে শ্রদ্ধা নিবেদনে বাধা দেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও তার কর্মী-সমর্থকরা। পরে ফুল দিয়ে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার সময় ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্র ও যুব অধিকার পরিষদ নেতাকর্মীদের ধাওয়া দেয়। এসময় ছাত্র ও যুব অধিকার পরিষদ নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে।

ছাত্র অধিকার পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া জানান, ‘আমরা আনুমানিক ৩০-৪০ জন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাই। ছাত্রলীগ নেতারা আমাদের বাধা দিয়ে বলে ৪-৫ জনকে নিয়ে স্মৃতিসৌধে ফুল দিতে।

তিনি আরও জানান, আমরা তাদের কথামতো ৪-৫ জন নিয়ে ফুল দিয়ে স্মৃতিসৌধের অভ্যন্তর থেকে বের হয়ে যাই। পরবর্তীতে প্রতিহিংসাপরায়ণ হয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিতভাবে হামলা করে। এতে আমাদের জেলা কমিটির সভাপতি আশরাফুল হাসানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আমাদের সঙ্গে কোনো শিবিরকর্মী ছিলেন না। কয়েকজন মাদরাসাছাত্র ছিলেন।

এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ‘ছাত্র অধিকার পরিষদের সঙ্গে আমাদের কোনো হাতাহাতি বা ধাওয়ার ঘটনা ঘটেনি। সরকারের স্বাস্থ্যবিধি না মেনে জামায়াত শিবিরের প্রেতাত্মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলঙ্ক সাবেক ভিপি নূরের অনুসারী দল ছাত্র এবং যুব অধিকার পরিষদের ব্যানারে জামায়াত শিবিরকে সংগঠিত করার চেষ্টা করছিল।

এ সময় তারা স্মৃতিসৌধে উস্কানিমূলক স্লোগান দিয়ে পরিবেশ নষ্ট করে। পরে ছাত্রসমাজের লোকজন তাদেরকে বিতাড়িত করে। পরবর্তীতে আমরা স্বাধীনতাবিরোধী চক্রের বিরুদ্ধে মিছিল করেছি।’

জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ফখর জামান
  • ০৬ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৬ এপ্রিল ২০২৬
দোসর সাংবাদিকদের বিচারের দাবিতে ‘মার্চ টু প্রধানমন্ত্রীর কা…
  • ০৬ এপ্রিল ২০২৬
হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
close