হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রিজভী © ফাইল ফটো
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার(২৪ নভেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসক অধ্যাপক ডাঃ সোহরাবুজ্জামানের নেতৃত্বে তার স্বাস্থ্যের সর্বশেষ পরীক্ষা নিরিক্ষা করে হাসপাতাল থেকে তাকে রিলিজ দেয়া হয়।
এর আগে গত শনিবার ল্যবএইড হাসপাতালে তার হার্টে রিং পরানোর মাধ্যমে এনজিওপ্লাস্টি করা হয়। বর্তমানে তিনি অনেকটাই সেরে উঠেছেন বলে জানিয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মনোয়ারুল কাদির বিটু।
রিজভীকে হাসপাতাল থেকে রিলিজ দেয়ায় পর কিছু দিন পূর্ণ বিশ্রামে থেকে নিয়মিত চিকিৎসা নিতে হবে বলেও জানান তিনি।
রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, স্যার ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক, নার্স, স্টাফসহ যারা তার জন্য দোয়া করেছেন, খোঁজখবর নিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
গত ১৩ অক্টোবর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে রিজভীর হার্ট অ্যাটাক হয়। প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা শেষে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার এনজিওগ্রাম করা হয়।
এ সময় তার হার্টে একটি ব্লক ধরা পড়লে ইনজেকশনের মাধ্যমে সেটির ৪০ থেকে ৪৫ শতাংশ অপসারণ করা হয়।