ড. মামুন রহমান © ফাইল ফটো
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মামুন রহমান এফসিএ (৭০) মারা গেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৩ নভেম্বর) লন্ডনের একটি হাসপাতালে স্থানীয় সময় সকাল ১০টায় ইন্তেকাল করেন তিনি।
সোমবার দিনগত রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ড. মামুন রহমানের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুদীর্ঘকাল বিলেতে অবস্থান করে শেকড়ের টানে নিজ এলাকায় নিভৃত পল্লীতে ফিরে এসে এলাকার কল্যাণে ও জনসেবায় ড. মামুন রহমান যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অতুলনীয়।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তিনি আরও বলেন, বিএনপি’র রাজনীতি এবং জনকল্যাণে তার অবদান বিএনপি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।