ফ্লাটের কাগজ হস্তান্তরের মুহূর্ত © সংগৃহীত
সাবেক ছাত্র নেতা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী-সন্তানদের জন্য ঢাকায় ফ্ল্যাট দিল বিএনপি। হাতিরঝিল এলাকায় ১৩৯০ বর্গফুটের এই ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য ৯০-৯২ লাখ টাকা বলে জানা গেছে।
রোববার (১ নভেম্বর) রাজধানীর ইস্কাটনের বাসায় শফিউল বারী বাবুর স্ত্রী বিথীকা বিনতে রহমানের হাতে ফ্ল্যাটের কাগজপত্র তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. রবিউল ইসলাম রবি উপস্থিত ছিলেন।
শফিউল বারী বাবু ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, ঢাকার ইস্কাটনে পরিবার নিয়ে যে ফ্ল্যাটটিতে শফিউল বারী বাবু থাকতেন, সেটি ভাড়া ফ্ল্যাট। মৃত্যুর সময় তেমন কোনো সম্পদও রেখে যাননি। ফলে দুই সন্তান নিয়ে তার স্ত্রী মহাবিপদে পড়েন। এমন অবস্থায় দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে বাবুর স্ত্রী-কন্যাকে ফ্ল্যাটের মালিকানা বুঝিয়ে দেয়া হয়।