শিপ্রা দেবনাথ © সংগৃহীত
টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহকর্মী শিপ্রা দেবনাথ বলেছেন, একজন মানুষ হত্যাকে ধামাচাপা দিতে টুঁটি চেপে ধরে তাকে আত্মহননের দিকে ঠেলে দিলে এদেশের তরুণ-তরুণীরা চুপ করে বসে থাকবে না।
সোমবার এক ভিডিও বার্তায় শিপ্রা দেবনাথ বলেন, গত কিছু দিন ধরে আমার একান্ত কিছু ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এডিট করে, ট্রেইলার করে অথবা আমার বিভিন্ন প্রজেক্ট থেকে নিয়ে বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন অর্থে প্রকাশ করা হচ্ছে।
তিনি বলেন, আমি একজন ছাত্রী, পড়াশুনার পাশাপশি কাজ করি। একটি স্বাধীন দেশে একজন নারীর কারও অধিকার ক্ষুণ্ন না করে নিজের পছন্দমতো বেঁচে থাকার অধিকার কি নেই?
শিপ্রা বলেন, আমি মনে করি আমার চরিত্র হননের চেষ্টার মাধ্যমে এদেশের বাইরে কাজ করা প্রতিটি নারীর প্রতি নিগৃহীত ও অপমান জনক আচরণ করা হয়েছে। কারণ, স্বয়ং প্রধানমন্ত্রী নিজেও একজন নারী। তিনি নিশ্চয়ই আমাদের নারীদের এই অবস্থানগত নিরাপত্তার দিকে দৃষ্টি দেবেন।
সিনহা হত্যাকাণ্ডের দেড় বছর আগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের ছাত্রী শিপ্রা দেবনাথের সঙ্গে সিনহার পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর এক পর্যায়ে ভ্রমণ বিষয়ক ডকুমেন্টারি নির্মাণের সিদ্ধান্ত নেন তারা।
সেই পরিকল্পনা থেকে ‘জাস্ট গো’ নামে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ খুলে ডকুমেন্টারি নির্মাণ শুরু করেন। শুটিং ও এডিটিংয়ে সহায়তার জন্য সহপাঠী সাহেদুল ইসলাম সিফাত ও তাহসিন রিফাত নূরকে সঙ্গে নিয়ে চারজনের দল হয়ে জুলাইয়ের শুরুর দিকে কক্সবাজারে গিয়েছিলেন শিপ্রা-সিনহারা।