দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ হাজার ২১৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। দেশে এক দিনে সর্বোচ্চ পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় মারা গেছেন ৫৩ জন। দেশে এক দিনে করোনায় এটাই সর্বোচ্চ মৃত্যু।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ মঙ্গলবার এমন তথ্য জানানো হয়। সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ৯৪ হাজার ৪৮১ জনের। আর মৃত্যু হয়েছে ১ হাজার ২৬২ জনের। নতুন মারা যাওয়া ৫৩ জনের মধ্যে পুরুষ ৪৭ জন ও নারী ৬ জন।
ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৭। সব মিলিয়ে এখন পর্যন্ত সর্বমোট ৩৬ হাজার ২৭০ জন সুস্থ হয়েছেন।
ব্রিফিংয়ের তথ্যমতে, এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৭১৭টি নমুনা। আগের দিন ১৫ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। দেশে ৬১টি ল্যাবে (পরীক্ষাগার) নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
এর আগের দিন অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, প্রতিদিন অনেকেই সংক্রমিত হয়ে মারা যাচ্ছেন। স্বাস্থ্যকর্মীরাও সেবা দিতে গিয়ে সংক্রমিত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। ক্ষতি এড়াতে সবাই সতর্ক থাকুন। এ ছাড়া জোনভিত্তিক লকডাউনের বিষয়টি ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে বলে উল্লেখ করেন তিনি।