© ফাইল ফটো
ঈদের আগেই মার্কেট খুলতে প্রস্তুত ব্যবসায়ীরা, শুধু সরকারের একটি ঘোষণার অপেক্ষা করছেন তারা। আংশিকভাবে হলেও তারা এবারের ঈদের বাজারটা ধরতে চান। সেজন্য বাণিজ্য মন্ত্রণালয় বরাবর একটি আবেদনও করেছেন। তাদের প্রত্যাশা, সরকার দ্রুতই বিপণি বিতান খোলার অনুমতি দেবে।
মন্ত্রণালয়ে করা ওই আবেদনে ব্যবসায়ীরা জানিয়েছেন, করোনার কারণে প্রায় দেড় মাস তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ থাকলেও ঈদের বাজার ধরতে সব দিক থেকে তারা প্রস্তুত। কারণ প্রতিবছর রমজানের দুই মাস আগে থেকেই ঈদের প্রস্তুতি নিতে হয়। এবারও সেই প্রস্তুতি অনেকটাই নেওয়া আছে। পাঁচ রোজা চলে যাচ্ছে। অন্যান্য বছর এ সময় উৎসবের আমেজ থাকলেও এবার অবস্থা একেবারে ভিন্ন। দেড় মাস ধরে সব ধরনের দোকান পাট ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই সব ধরনের নির্দেশনা মেনেই তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে চান।
এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, আমরা সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর দপ্তরে দোকান পাট, বিপণিকেন্দ্র ও মার্কেট খুলে দেওয়ার জন্য আবেদন করেছি। আশা করছি সরকার আমাদের প্রয়োজন অনুভব করে শিগগিরই এ বিষয়ে ভালো খবর দেবে।
তিনি আরো বলেন, সাধারণত রোজা শুরুর কয়েক মাস আগেই সব ব্যবসায়ী রোজা ও ঈদের জন্য প্রস্তুতি নেয়। এবার ৭০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন করতেই করোনার হানা সবকিছু উলট পালট করে দিয়েছে। প্রায় দেড় মাস ধরে সবধরনের দোকান পাট বন্ধ। এখন সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে আমাদের বেঁচে থাকা।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন বলেন, দোকানপাট খুলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে দোকানপাটসহ বিভিন্ন অর্থনীতি সেক্টরগুলো খুলার ব্যাপারে আলোচনা হচ্ছে।