আগামীকাল শুক্রবার থেকে সবজি, ফল, ও খাদ্যপণ্য পরিবহনের জন্য তিনটি বিশেষ পার্সেল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব ট্রেন প্রতিদিন ঢাকা–চট্টগ্রাম ও ঢাকা–জামালপুর রেলপথে এবং সপ্তাহে তিনদিন ঢাকা–যশোর রুটে চলবে।
করোনাভাইরাস মহামারি মোকাবিলার লক্ষ্যে গত ২৪ মার্চ থেকে রেলওয়ে সব ধরণের যাত্রী পরিষেবা বন্ধ রেখেছে। তবে, যাত্রী পরিষেবা আবারও চালুর জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
সাধারণত যাত্রীবাহী ট্রেনের মাধ্যমে লাগেজ ভ্যান পরিবহন করা হয়। তবে যাত্রীবাহী ট্রেন পরিষেবা স্থগিত থাকায় এই তিনটি বিশেষ পার্সেল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।