বিনাসুদে ঋণের আশ্বাসে ঢাকায় সমাবেশের লোক আনে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ

২৫ নভেম্বর ২০২৪, ১২:০৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২২ PM
বিনা সুদে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঢাকায় মানুষ নিয়ে এসেছে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ একটি সংগঠন

বিনা সুদে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঢাকায় মানুষ নিয়ে এসেছে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ একটি সংগঠন © টিডিসি ফটো

দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরিব ও অসহায় শত শত মানুষকে বিনাসুদে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঢাকায় নিয়ে এসেছে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ একটি সংগঠন। চুয়াডাঙ্গা, পাবনা, কুষ্টিয়া, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে বাস ও মাইক্রোবাস ভর্তি করে দলে দলে মানুষ ঢাকায় নিয়ে আসা হয়। তাদের বলা হয়েছিল, শাহবাগে আজ সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় একটি গুরুত্বপূর্ণ সভা হবে, যেখানে ঋণ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকায় আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এনজিও সংস্থার পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে কিছু ব্যক্তি মানুষকে বিনা সুদে ঋণ দেওয়ার আশ্বাস দেন। তারা বলেছেন, ঢাকায় গেলে বিনা সুদে ১ থেকে ১০ লাখ টাকা করে ঋণ দেওয়া হবে। অনেকের কাছ থেকে এ জন্য ১ হাজার টাকা করেও নিয়েছে। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা গাড়িতে করে ঢাকায় এসেছেন।

চুয়াডাঙ্গা থেকে কয়েকজন জানিয়েছেন, মোস্তফা আমিন নামে একজন ব্যক্তির মিটিং আছে সকাল ১০টায়। এ কথা বলে তাদের ফরম পূরণ করিয়ে ঢাকায় নিয়ে আসেন। মোস্তফা ফরওয়ার্ড পার্টির আহবায়ক বলে জানা গেছে। একইভাবে পাবনা থেকে আসা মানুষেরা জানান, তাদেরও ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঢাকায় আনা হয়েছে। কুষ্টিয়া থেকে আসা লোকজনের ভাষ্যমতে, আজিজ নামে এক ব্যক্তি তাদেরকে কালো টাকা সাদা করার সুযোগে ৫ বছরের মেয়াদি ঋণ দেওয়ার কথা বলে এখানে নিয়ে এসেছেন।

অন্যান্য জেলার মধ্যে নারায়ণগঞ্জ থেকে তিনটি বাসে করে মানুষ আনা হয় ঢাকায়। দু’টি বাস যাত্রীসহ ফেরত পাঠানো হয়েছে। ঢাবি প্রক্টোরিয়াল টিম, শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মিলে এ কাজ করেছে। একটি বাস এখনও জব্দ আছে।

শাহবাগ মোড়ে আসা বাস ও মাইক্রোবাস পৌঁছানোর পর দেখা যায়, ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি ব্যানার টাঙানো। ওই ব্যানারের মাধ্যমে জানানো হয়, লুণ্ঠিত অর্থ ফেরত এনে ঋণ দেওয়া হবে। এ আশ্বাসে বিশ্বাস করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষরা শাহবাগ মোড়ে সমাবেশে অংশ নিচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ সোমবার (২৫ নভেম্বর) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তাদেরকে ঋণ দেওয়ার প্রলোভনে ষড়যন্ত্র করে ক্যাম্পাসে জড়ো করা হয়েছিল। পরে সরিয়ে দেওয়া হয়েছে। এরমধ্যে চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। অস্থিতিশীলতা সৃষ্টির জন্য এ পরিকল্পনা করা হয়েছে।
শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের এমন কর্মকাণ্ড নিয়ে রাত থেকেই তোলপাড় চলছে ঢাবিকেন্দ্রীক বিভিন্ন ফেসবুক গ্রুপে। শিক্ষার্থীরা বলছেন, মধ্যরাত থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় বাস ও মাইক্রোবাস ভর্তি অপরিচিত মানুষ দেখা যাচ্ছে। তাদের কর্মকাণ্ড রহস্যজনক। এরপরই অনেকে হল থেকে রাজু ভাস্কর্যসহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নেন।

ঢাকার বিভিন্ন বস্তি ও আশপাশের এলাকা থেকে সমাবেশে লোক জড়ো করার উদ্দেশ্যে কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ সংগঠনের নেতারা। এ ছাড়াও শুক্রবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। সেখানে সোমবার সমাবেশের কথা জানানো হয়।
ঢাকায় আসা মানুষের কাছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ সংগঠনের ব্যানার, ফেস্টুন ও লিফলেট পাওয়া যায়। তাদের হাতে ফেস্টুনে লেখা ছিল, ‘লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব’।

জানা গেছে, বিনা সুদে ঋণ দেওয়ার নামে ঢাকায় সমাবেশে লোকজন জড়ো করার নেপথ্যে কাজ করেছেন ফরওয়ার্ড পার্টির আহবায়ক ও অহিংস আন্দোলন বাংলাদেশের প্রধান সংগঠক আ ব ম মোস্তফা আমীন ও সদস্য সচিব মো. মাহবুবুল আলম চৌধুরী। 

সংগঠনের নেতারা কয়েকদিন আগে থেকেই ঢাকায় মানুষ জমায়েতের পরিকল্পনা করছিলেন। মোস্তফা আমীন গত ১৫ নভেম্বর তার ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন, ‘স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর ২০২৪ শাহবাগ মোড়ে, সকাল ১০টায়। ইতিহাসে নাম লিখান।’

জানা গেছে, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ সংগঠনের নেতারা শাহবাগে সমাবেশ করতে পারেননি। ঢাকায় আসা অধিকাংশ লোকজন থেকে ফেরত পাঠানো হয়েছে। বিভিন্ন বাস থেকে হোতা সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনে বাড়ছে অ্যালার্জির ঝুঁকি
  • ২৮ মার্চ ২০২৬
ভেনেজুয়েলায় শিক্ষা প্রতিষ্ঠান বাধ্যতামূলক ছুটি ঘোষণা
  • ২৮ মার্চ ২০২৬
ঢাকার বাতাসের মানে আজ উন্নতি
  • ২৮ মার্চ ২০২৬
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
  • ২৮ মার্চ ২০২৬
দাখিল পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ১৬ কর্মকর্তাকে দায়িত্ব দিল…
  • ২৮ মার্চ ২০২৬
আমি একটি দলের মত বিশ্বাস করি, কিন্তু ঢাবিতে সার্বজনীন উপাচা…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence